১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৩৩ ছুঁইছুঁই বয়সে অভিষেক রাঙিয়ে হোসেলু বললেন, ‘বয়স কোনো ব্যাপার নয়’

অভিষেকে দুই গোল করে স্পেনকে জয় এনে দেওয়া এই ফরোয়ার্ড নিজেকে মনে করছেন ১৮ বছর বয়সী একজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 10:57 AM

Updated : 26 Mar 2023, 02:48 PM

এই বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় কতজনের! স্বপ্নগুলোও মরে যায় অনেকের। সেই বয়সেই হোসেলু শুরু করলেন জাতীয় দলে যাত্রা। বুনতে শুরু করলেন নতুন স্বপ্ন। প্রথম ম্যাচেই জানিয়ে দিলেন, শুরুটা অনেক দেরিতে হলেও তিনি থাকতেই এসেছেন। 

সেই ২০০৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হোসেলু। সেই থেকে প্রায় ১৫ বছরের পথচলায় খেলে ফেলেছেন স্পেন-জার্মানি-ইংল্যান্ড মিলিয়ে এক ডজন ক্লাবে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবেও তার ঠাঁই হয়েছিল। কিন্তু কখনই ততটা সাড়া জাগাতে পারেননি, যতটা পারলে দেশের জার্সি গায়ে চাপানো যায়। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি তার এলো শনিবার। 

বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেনের নতুন শুরুর সঙ্গী হলেন তিনি। ইউরো বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামানো হলো তাকে। ৩৩ বছর পূর্ণ হতে বাকি তখন স্রেফ ২ দিন। 

তার সুযোগ ছিল সীমিত। ৮১ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। কিন্তু সামান্য সেই সুযোগেই রাখেন বড় ছাপ। মাঠে নামার তিন মিনিটের মধ্যে পেয়ে যান প্রথম গোলের স্বাদ। পরের মিনিটেই আরেকটি! তার স্বপ্নময় অভিষেকে স্পেন ম্যাচটি জিতে নেয় ৩-০ গোলে। 

সেই ১৯৯৮ সালে সুইডেনের বিপক্ষে ফের্নান্দো মরিয়েন্তেসের দুই গোলের পর এই প্রথম স্পেনের হয়ে অভিষেকে জোড়া গোল করতে পারলেন কেউ। 

ম্যাচ শেষে হোসেলু বললেন, স্পেনের নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তের আস্থার প্রতিদান দিতে পেরে তিনি খুশি। 

“দায়িত্বের প্রথম ম্যাচেই কোচ যে ভরসা আমার ওপর রেখেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। নিজের সবটুকু নিয়ে চেষ্টা করেছি তার মান রাখতে।” 

“এই মুহূর্তে নিজেকে আমার মনে হচ্ছে ১৮ বছর বয়সী একজন। আমার মনে হয় না, বয়স কোনো ব্যাপার… সেটিকেই প্রমাণ করার অবিশ্বাস্য একটি দিন এটি।” 

স্পেনের বয়সভিত্তিক দলগুলিতে দারুণ সাফল্যের পর জাতীয় দলে কোচ হিসেবে দে লা ফুয়েন্তের অধ্যায় শুরু হলো দারুণ জয় দিয়ে। এই দল নিয়ে ভবিষ্যতে তাকিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। 

“দলের যে মানসিকতা আমি দেখেছি, জয়ের যে তীব্র তাড়না, এটিই আমাকে দারুণ আশাবাদী করে তুলেছে।”