১২০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো
আল-রিয়াদের বিপক্ষে মাইলফলক ছোঁয়া ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন এই পর্তুগিজ মহাতারকা।
বর্ণিল ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেললেন পর্তুগিজ মহাতারকা। আল নাস্রের হয়ে মাইলফলক ছোঁয়া এই ম্যাচও তিনি রাঙালেন গোল করে ও করিয়ে।
সৌদি প্রো লিগে আল-রিয়াদকে ৪-১ গোলে হারানো ম্যাচ খেলতে নেমে ওই মাইলফলকে পা রাখেন রোনালদো। ৩১তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে লক্ষ্যভেদ করার পর ওতাভিওর গোলের পেছনের কারিগরও ছিলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
বর্ণাঢ্য করিয়ারে ১২শ ম্যাচের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি খেলেছেন রেয়াল মাদ্রিদের জার্সিতে, ৪৩৮টি। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি, স্পোর্তিংয়ের হয়ে ৩১টি, ইউভেন্তুসের জার্সিতে ১৩৪টি, আল নাস্রের হয়ে ৪৬টি এবং পর্তুগালের হয়ে ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি মৌসুমে আল নাস্রের হয়ে ১৫ ম্যাচ ১৬ গোল করা রোনালদো দারুণ এই মাইলফলকে পৌঁছানোর পথে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বয়সকে তুড়ি মেরে ছুটে চলা এই তারকা সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন- কাজ শেষ হয়নি এখনও।
“আরও ৩ পয়েন্ট! এই ১২শ ম্যাচের মাইলফলকে পৌঁছাতে সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। কী দারুণ পথচলা, কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি।”
রোনালদোকে অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার চূড়ায় পৌঁছাতে হলে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ। ধরা হয়, পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন; এক হাজার ৩৮৭টি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইউভেন্তুসের জার্সিতে সেরি আ’তে হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। সেই উপলক্ষও তিনি গোল করে রাঙিয়েছিলেন।
গত জুনে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েন রোনালদো। এছাড়া পর্তুগালের তো বটেই, সব দেশ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১২৮টি) রেকর্ডও এখন তার।
ক্লাব ক্যারিয়ারের পরিসংখ্যানে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর; ১৮৩টি। এই ম্যাচগুলো তিনি খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে।
শীর্ষ পর্যায়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ ক্যারিয়ার গোল করার ইতিহাসও রোনালদোর গড়া। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলার সময় এই কীর্তি গড়েছিলেন তিনি এবং এরপর তিনি পার করেছেন ৮৫০ গোলের মাইলফলকও।
