০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘কল্পনার বাইরে’ থাকা কীর্তি গড়ে এখন রোনালদোর রেকর্ডে তাকিয়ে কেইন

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার দিনে হ্যারি কেইন বললেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের রেকর্ডেও দৃষ্টি আছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 11:10 AM

Updated : 07 Oct 2026, 11:10 AM

১১ বছর আগে ইংল্যান্ডের জার্সিতে যখন প্রথমবার মাঠে নামেনন হ্যারি কেইন, অনেক স্বপ্নই ছিল তার চোখে আর হৃদয়ে। কিন্তু দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন, তার সুদূরতম কল্পনাতেও ছিল না তা। স্বপ্নের সীমানা ছাড়িয়ে যাওয়া নেই অর্জনের পর তার উচ্ছ্বাসও যেন ছুঁতে চাইছে আকাশ। এমন কীর্তির দিনে ইংল্যান্ড অধিনায়কের প্রত্যয়ী উচ্চারণ, ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের রেকর্ডকেও ধরাছোঁয়ার বাইরে মনে করছেন না তিনি।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তো অনেক দিন ধরেই কেইনের। নেশন্স লিগে মঙ্গলবার চেকিয়ার বিপক্ষে ম্যাচে মাঠেই নেমেই আরেকটি রেকর্ডে তার নাম লেখা হয়ে যায়।

এটি তার ১২৫তম আন্তর্জাতিক ম্যাচ। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে এই স্ট্রাইকার স্পর্শ করলেন কিংবদন্তি পিটার শিল্টনকে।

মাইলফলক ম্যাচটি দুর্দান্ত পারফরম্যান্সে রাঙান কেইন। দলের ৩-০ গোলের জয়ে দুটি গোল করেন তিনি। অন্য গোলটি ছিল আত্মঘাতী, সেটিও আসে তার ক্রস থেকেই।

২০০৪ সালে ১১ বছর বয়সে টটেনহ্যামের একাডেমিতে নাম লেখান কেইন। সেই ক্লাবের হয়ে প্রথম পেশাদার চুক্তি করেন ২০১০ সালে। মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন পরের বছর। জাতীয় দলের ঠিকানা পেতে সময় লেগে যায় আরও অনেকটা। অবশেষে ২০১৫ সালে দেশের জার্সিতে প্রথমবার মাঠে নামে তিনি।

লিথুয়ানিয়ার বিপক্ষে সেই ম্যাচে ওয়েইন রুনির বদলি হিসেবে মাঠে নামার ৮০ সেকেন্ড পরই হেডে গোলের দেখা পেয়ে যান কেইন। পরের ম্যাচে ইতালির বিপক্ষে জায়গা পান সেরা একাদশে। ক্রমে তিনি হয়ে ওঠেন দলের মূল স্ট্রাইকার, বড় ভরসা, অধিনায়ক, দেশের হয়ে সফলতম গোলস্কোরার। এখন ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারও।

ম্যাচের পর কেইন বললেন, দেশের হয়ে খেলার তীব্র তাড়নাই তাকে এই উচ্চতায় তুলে এনেছে।

“এটা (রেকর্ড) আমার কল্পনারও বাইরে ছিল। (শিল্টনের) সঙ্গে ১২৫ গোলের মাইলফলকে পৌঁছানোটা এক পরম সৌভাগ্য। আমি ইংল্যান্ডের প্রতিটি ক্যাম্পে আসতে ভালোবাসি, প্রতিটি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে সেরা উপায়ে খেলতে ভালোবাসি।

“এটা আমার ব্যাপার নয়, গোটা দলের ব্যাপার। এরকম একটি ম্যাচে একাধিক গোল করে দলকে জিততে সাহায্য করতে পারাটা ছিল দারুণ, বলা যায় এক নিখুঁত রাত।”

এই ম্যাচের দুই গোলে কেইনের গোলসংখ্যা এখন ৯১টি। সক্রিয় ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে তার ওপরে আছেন রোনালদো (১৪৬ গোল), রোমেলু লুকাকু (৯৪) ও রবের্ত লেভানডফস্কি (৯২)। ১২৬ গোল নিয়ে মাত্রই অবসরে গেলেন লিওনেল মেসি।

রোনালদোর গোলের রেকর্ড কি ভাঙতে পারবেন? সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন না কেইন। তবে ৩৩ বছর বয়সী তারকার আপাতত লক্ষ্য গোলের সেঞ্চুরি করা।

“দেখা যাক, কতদূর যেতে পারি। এই মুহূর্তে সেটা (রোনালদোর রেকর্ড) অনেক দূরের পথ। কিন্তু কে জানে… আমি দারুণ ফর্মে আছি। আগেও এমন কিছু ফুটবলারের কথা বলেছি, ত্রিশের কোঠার শেষ ভাগ পর্যন্ত খেলেছেন এবং এখনও সর্বোচ্চ পর্যায়ে আছেন, এমনকি এখন চল্লিশের কোঠাতেও আছেন।

“এটা আসলে প্রতিটি মৌসুমের ওপর নির্ভর করে এবং যতদিন অনুভব করব যে, দলকে আমি সাহায্য করতে এবং মূল্যবান থাকতে পারব, আমি থাকব। আমাদের প্রথমে দেখতে হবে আমরা ১০০ গোল করতে পারি কি না, এবং আমরা সেখান থেকে এগোব।”