‘ঝুলেই থাকছে’ মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ
আগামী অক্টোবরের মধ্যে আয়োজনের সম্ভাবনার কথা বললেও নিশ্চয়তা দিতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
মেয়েদের ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রথম ঘোষণা আসে গত মার্চ। এরপর একে একে পিছিয়ে গেছে ১৫ মে ও ১০ জুন আয়োজনের দুটি তারিখ। তখন বলা ‘তিন-চার দিনের মধ্যে জানানো হবে’- এর অপেক্ষা ফুরায়নি জুলাইয়ে মাঝামাঝি এসেও। মানেটাও পরিষ্কার, আলোচিত এই লিগের ভবিষ্যৎ এখন অজানা। খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও নিশ্চিত বলতে পারছেন না, কবে নাগাদ মাঠে গড়াতে পারে উইমেন’স সুপার লিগ।
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন সাবিনা-কৃষ্ণারা। এরই মধ্যে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন একটি। মেয়েদের সাথে শনিবার দেখা করতে হোটেলে আসেন সালাউদ্দিন। সেখানে উইমেন’স সুপার লিগ নিয়েও কথা বলেন তিনি। এবার বল ঠেলে দেন আয়োজকদের কোর্টে।
“আপনাদের যদি মনে থাকে, প্রথম যখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়, আমি প্রথমেই বলেছিলাম এটা খুবই কঠিন বিষয়। তবে তারা চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মতো মানসিকতা (মেন্টালিটি) আমাদের দেশে এখনও হয়নি। যারা আয়োজক, তারা পারবে বলে আত্মবিশ্বাসী। পারলে তো ভালো কথা, কিন্তু আমি তখন থেকে বলে আসছি, আমার কাছে ভীষণ কঠিন ঠেকছে।”
“এখন ওরা বলছে অক্টোবরের মধ্যে করতে পারবে। এখনও ওরা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে এতটুকই বলতে পারি। কেননা, এটা আমার প্রজেক্ট নয়, আয়োজকদের প্রজেক্ট। আমি শুধু রাজি হয়েছিলাম মেয়েদের উন্নতি হবে ভেবে।”
সাফ জয়ী মেয়েদের উন্নতির ধারা আটকে ছিল লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার বাইরে থাকার কারণে। বাস্তবতা বোঝাতে বাফুফে সভাপতি আর্থিক সংকট, পৃষ্ঠপোষকদের কাছ থেকে সাড়া না পাওয়ার সেই পুরান কথাই পেড়ে বসলেন। তবে প্রতিশ্রুতি দিলেন সামনের দিনগুলোতে সমস্যা কাটিয়ে ওঠার।
সাফের মুকুট ধরে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বলেও জানালেন এই সাবেক তারকা।
“সবকিছু নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এখান আমাদের একটু পরিবর্তন আনতে হবে। কেননা, অতীতের টেকনিক্যাল ম্যানেজমেন্ট চলে গেছে, নতুনরা আসবে। এই ম্যাচগুলোর পর মেয়েরা চীনে যাবে (এশিয়ান গেমস খেলতে), পরের সাফ পর্যন্ত এই পরিকল্পনা চলতে থাকবে। পরের সাফের আগে দুই –তিন মাস এক্সট্রা গেম প্ল্যান হবে।”
“আমাদের আর্থিক অবস্থা তো আপনারাই ভালো জানেন। সব অডিট রিপোর্ট তো আপনাদের কাছে আছে। আপনারাও দেখছেন টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। আমরা চেষ্টা করছি, অনুভব করছি মেয়েদের বেতনটা বাড়ানো উচিত। কিন্তু উচিতের মধ্যেই আছি, এখন কোনো ব্যক্তিগত, কোম্পানি, প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ বলেনি, আমাদেরকে দাও আমরা দিচ্ছি। এখন পর্যন্ত ওই ধরনের সাড়া পাইনি। সরকার আমাদের সাথেই আছি। না থাকলে তো আমরা এ পর্যন্ত আসতে পারি না।”
নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। গোলাম রব্বানী ছোটনের বিদায়, মাহবুবুর রহমান লিটুর হাল ধরা, কয়েকজন খেলোয়াড়ের অবসরে যাওয়া, নতুনদের আগমণ-এসবের প্রভাব দলে পড়েছে বলে মনে করেন সালাউদ্দিন। তবে মনে করিয়ে দিলেন অন্য এক বাস্তবতাও।
“শেষ ম্যাচে মেয়েরা ভালো খেলেছে, কিন্তু অনেক দিন পর খেলার কারণে ওদের একটু সমস্যা হয়েছে। এ কারণে লিড নিয়ে লিড রাখতে পারেনি। ওদের আরও সিরিয়াস হতে হবে, কেননা, এখন আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। ওদের বলেছি, বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে না ভাবতে, তোমরা ফুটবল খেলোয়াড়, তোমরা ম্যাচেই মনযোগ দাও।”
“(কোচ পরিবর্তনের প্রভাব) অবশ্যই পড়েছে। এটা সারাবিশ্বেই পড়ে। কিন্তু কোচ ভালো না করলে কোচ থোকবে না, খেলোয়াড় ভালো না করলে টিমের বাইরে চলে যাবে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ফুটবল বিশ্বে কারো জন্য কোনো স্থায়ী জায়গা নেই। এখানে কোচ, খেলোয়াড় আসবে-যাবে স্বাভাবিক ব্যাপার। কখনও ব্যক্তিগত কারণে, কখনও পারফম্যান্সের কারণে, এগুলো স্বাভাবিক বিষয়।”
