১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসি ভক্তদের ‘মরে যাও’ বার্তা পেয়ে মনক্ষুন্ন পটার

ব্রিটিশ কোচের দাবি, তার পাশাপাশি হুমকি পেয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য।

চেলসি ভক্তদের ‘মরে যাও’ বার্তা পেয়ে মনক্ষুন্ন পটার

ছবি: টুইটার 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 08:20 PM

Updated : 25 Feb 2023, 08:20 PM

চেলসির দায়িত্ব নিয়ে শুরুর সময়টা দারুণ কাটানোর পর মুদ্রার উল্টো পিঠ দেখছেন গ্রাহাম পটার। দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সে আছেন ভীষণ চাপের মুখে। কঠিন সময়ে ভক্তরাও ছেড়ে কথা বলছেন না তার সঙ্গে। ব্রিটিশ এই কোচ বলেছেন, মৃত্যু কামনা করে বার্তা পেয়েছেন তিনি ও তার পরিবার।

চেলসির ডাগআউটে গত সেপ্টেম্বরে টমাস টুখেলের স্থলাভিষিক্ত হন পটার। শুরুর দিকে আশার আলো দেখালেও সময়ের পরিক্রমায় ক্রমেই রং হারায় তার দল।

প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৮ জয় ও ৭ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে এখন দশম স্থানে আছে চেলসি।

লিগে নিজেদের সবশেষ ১১ ম্যাচে মাত্র ছয় গোল করেছে চেলসি। সবশেষ ১৪ লিগ ম্যাচে মাত্র একবার একাধিক গোল করতে পেরেছে তারা।

গত জানুয়ারিতে একের পর এক খেলোয়াড় দলে ভেড়ানোর পরও চেলসির ভাগ্য বদলায়নি। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনাও আছে অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় ক্ষুদ্ধ সমর্থকদের রোষানলে পড়েছেন পটার। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

নিজেদের পরের ম্যাচে আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে চেলসি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পটার তুলে ধরেন তার তিক্ত অভিজ্ঞতা। 

“আপনি যদি কাজে যান এবং কেউ যদি আপনাকে নিয়ে বাজে বকে, তবে তা সুখকর হবে না। আপনাকে যদি ক্লাবের ইতিহাসে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় তবে তা ভালো লাগার নয়।”

“তবুও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ‘এটা কি কঠিন, শুনতে কী ভালো লাগছে?’, তাহলে আমি বলব আমি যতটা সমর্থন পেয়েছি, তার মধ্যে আমার কাছে এমন কিছু বিশেষ ইমেইলও এসেছে যেখানে আমার ও আমার বাচ্চাদের মৃত্যু কামনা করা হয়েছে। এটা স্পষ্টতই সুখকর নয়।”