২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির বিপক্ষে হারের ম্যাচে ভিএআর না থাকায় হতাশ ক্লপ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুইবার ঘুরে দাঁড়িয়েও লিগ কাপ থেকে বিদায় নিতে হয়েছে লিভারপুলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 04:11 PM

Updated : 23 Dec 2022, 04:11 PM

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণভাবে দুইবার ঘুরে দাঁড়ানোর পরও জিততে না পারায় ভীষণ হতাশ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। লিগ কাপ থেকে ছিটকে পড়ার পর রোমাঞ্চকর ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মান কোচ। বিশেষ করে ভিএআর থাকার পরও তা ব্যবহার করার নিয়ম না থাকায় হতাশ তিনি।

ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক সিটির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল।

কাতার বিশ্বকাপ শেষ হলো স্রেফ তিন দিন হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই দুই দলে মূল খেলোয়াড়দের ঘাটতি ছিল। তবে রোমাঞ্চের কোনো কমতি ছিল না।

ম্যাচ শুরুর দশম মিনিটেই আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ২০তম মিনিটে সমতা টানেন ফাবিও কারবাইয়ো। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে কয়েক দফায় ম্যাচের মোড় পাল্টায়; ৪৭তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে সিটি ফের এগিয়ে যাওয়ার পরের মিনিটেই আবার সমতা টানেন মোহামেদ সালাহ। ৫৮তম মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন নাথান আকে।

ক্লপ প্রশ্ন তুলেছেন শুরুতে হলান্ডের গোলটি নিয়ে। নরওয়ের এই ফরোয়ার্ড অফসাইডে ছিলেন বলে দাবি লিভারপুল কোচের। টুর্নামেন্টে ভিএআর সুবিধা থাকার পরও পুরোটা সময় সেটি ব্যবহার না করায় ক্ষুব্ধ তিনি। লিগ কাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার হয় সেমি-ফাইনাল থেকে।

“আমাদের ভিএআর আছে, রেফারিও এর ব্যবহারে অভ্যস্ত। তাহলে এই প্রযুক্তি থাকার পরও কেন আমরা ব্যবহার করছি না?”

“আমরা কঠোর পরিশ্রম করেছি, দারুণ খেলেছি। আজ রাতের জন্য অবশ্য তা যথেষ্ট হয়নি, সিটি তাদের ঘরের মাঠে খেলেছে। আর তাদের বিপক্ষে ম্যাচ সবসময়ই অবিশ্বাস্য রকমের কঠিন হয়।”

চলতি মৌসুমে তৃতীয়বারের দেখায় লিভারপুলের বিপক্ষে জয়ের স্বাদ পেল সিটি। মৌসুমের শুরুতে এফএ কমিউনিটি শিল্ড কাপে ৩-১ গোলে আর প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠেই ১-০ গোলে হারে ম্যানচেস্টারের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের বিপক্ষে ছয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়ে এবং কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দলের পারফরম্যান্সেও খুশি গুয়ার্দিওলা।

“আমরা বলতে পারি না যে, ম্যাচটা ভালো ছিল না। লিভারপুলের বিপক্ষে পজেশন রাখা সহজ কাজ নয়, কারণ তাদের কাঠামো রক্ষণাত্মক এবং আমার ক্যারিয়ারে এর চেয়ে কঠিন কিছুর মুখোমুখি আমি হইনি।”