পোল্যান্ড অধ্যায় শেষ কোচ মিকনিয়েভিচের
চলতি মাসেই পোলিশদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তার।
চলতি মাস শেষ হতেই পোল্যান্ডের দায়িত্ব ছেড়ে দিতে হবে কোচ চেসলাভ মিকনিয়েভিচকে। তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (পিজেডপিএন) এক বিবৃতিতে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায়।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে তেমন একটা ভালো করতে না পারেনি পোল্যান্ড। মিকনিয়েভিচের কোচিংয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠে তারা। নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই দলটি বাদ পড়ে আসরের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হেরে।
এতেই নড়বড়ে হয়ে পড়ে মিকনিয়েভিচের ভবিষ্যৎ। বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনায় ৫২ বছর বয়সী এই কোচের সঙ্গে বেশ কয়েকবার বসেন পিজেডপিএন সভাপতি সেসারে কুলেসা ও অন্যান্য অফিসিয়ালরা। তারপরই আসে এই সিদ্ধান্ত।
“সব তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর, বছর শেষে চুক্তি শেষ হতে যাওয়া মিকনিয়েভিচের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিজেডপিএন।”
কোচ হিসেবে পোল্যান্ডের সঙ্গে ১১ মাসের এই পথচলার জন্য মিকনিয়েভিচকে ধন্যবাদ জানান কুলেসা।
পর্তুগিজ কোচ পাওলো সোসার সঙ্গে চুক্তি ভাঙার পর গত জানুয়ারিতে মিকনিয়েভিচের সঙ্গে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করে পোল্যান্ড। এর আগে পোল্যান্ডের ঘরোয়া ক্লাব লেগিয়া ওয়ারশের কোচ ছিলেন মিকনিয়েভিচ।
