১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো

এফসি আন্দররার গোলরক্ষককে এই শাস্তি দিয়েছে স্প‍্যানিশ ফুটবল ফেডারেশন।

দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 02:51 PM

Updated : 14 Nov 2026, 03:18 PM

তেনেরিফে ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত‍্যুর পর, ওই ফাউলের ঘটনায় ইকুয়েটোরিয়াল গিনি গোলরক্ষক হেসুস ওউনোকে ১২ ম‍্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়‍্যাল স্প‍্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।

স্পেনের দ্বিতীয় বিভাগে গত ২ নভেম্বর তেনেরিফে ও এফসি আন্দররার ম্যাচে মাঠের মাঝখানে বল ক্লিয়ার করার চেষ্টায় বিপরীত দিক থেকে দৌড়ে এসে দে মিগেলের বুকে আঘাত করে বসেন ওউনো। ওই ফাউলের জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে পরদিন হাসপাতালে মারা যান ৩০ বছর বয়সি দে মিগেল।

কমিটি বলেছে, খেলার মাঝে প্রতিপক্ষের বিরুদ্ধে ওউনো সহিংস আচরণ করেছেন যা গুরুতর আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তাতে স্প‍্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির গুরুতর লঙ্ঘন করেছেন তিনি। তাতে বিধির ৫২ ধারা অনুযায়ী জরিমানাসহ সর্বোচ্চ শাস্তি পেয়েছেন ওউনো।

জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন ওউনো। তবে দে মিগেলের মৃত‍্যুর পর চলতি আন্তর্জাতিক বিরতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইকুয়েটোরিয়াল গিনির দুটি ম্যাচের জন্য দলে ডাক পাননি ২৫ বছর বয়সী গোলরক্ষক।

গত বৃহস্পতিবার আন্দররার কোচ কার্লেস মানসো বলেছেন, দে মিগেলের মৃত‍্যুর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন কিনা, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ওউনো। গত সপ্তাহে তিনি বলেন, এই মুহূর্তে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি।