২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ পর্যন্ত রেয়াল মাদ্রিদে ভিনিসিউস

আরও চার বছর ইউরোপের সফলতম ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 08:51 PM

Updated : 01 Nov 2023, 06:19 PM

রেয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ভিনিসিউস জুনিয়র। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ইউরোপের সফলতম ক্লাবটিতে থাকবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লা লিগার ক্লাবটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ২৩ বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির কথা জানায়।

স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালের জুলাইয়ে রেয়ালে যোগ দেন ভিনিসিউস। দলটির হয়ে ৬ মৌসুমে ২৩৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৬৩টি। একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জিতেছেন মোট ৯টি শিরোপা।

গত কয়েক বছরে রেয়ালে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন ভিনিসিউস। প্যারিসে ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন তিনিই। একই বছর মরক্কোয় রেয়ালকে ক্লাব বিশ্বকাপ জিতিয়ে তিনি নিজে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে দুইবার জায়গা পান সেরা একাদশে। দুইবার লা লিগার মৌসুম সেরা দলেও জায়গা করে নেন তিনি।

গত এক বছরে লা লিগার ম্যাচে বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকারও হয়েছেন ভিনিসিউস। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।