১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউরোর মাঝেই রেয়াল ছাড়লেন হোসেলু

কাতারের ক্লাব আল ঘারাফায় যোগ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 01:17 AM

Updated : 26 Aug 2026, 09:53 AM

এস্পানিওল থেকে ধারে রেয়াল মাদ্রিদে এসে আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে, সাফল্যে ভরা একটা মৌসুম কাটানোর পরই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে দিলেন হোসেলু। সবাইকে অবাক করে দিয়ে কাতারের ক্লাব আল ঘারাফায় যোগ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড।

কাতার স্টার্স লিগের ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে হোসেলুর যোগ দেওয়ার বিষয়টি শুক্রবার দুই ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

গত মৌসুমের শুরুতে এস্পানিওল থেকে এক বছরের জন্য ধারে রেয়ালে নাম লেখান হোসেলু। মূলত বদলি হিসেবে খেলানোর পরিকল্পনাতেই তাকে দলে টানে মাদ্রিদের ক্লাবটি। তাদের সেই পরিকল্পনা দারুণভাবে কাজে লেগেও যায়।

বেশিরভাগ সময় বদলি হিসেবেই দলের চাহিদা পূরণ করেন হোসেলু। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচ খেলে গোল করেন ১০টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচ খেলে ১৮টি গোল করেন তিনি। জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

ক্লাবের পঞ্চদশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার অবদান অসাধারণ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে হারের মুখে চলে গিয়েছিল রেয়াল। শেষদিকে বদলি নেমে অন্তিম সময়ে পরপর দুই গোল করেন হোসেলু, অবিশ্বাস্য সেই জয়ে ফাইনালে পা রাখে তারা। পরে বরুশিয়া ডর্টমুন্ডকে ফাইনালে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপের সফলতম ক্লাবটি।

এরপর এস্পানিওলের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, হোসেলুকে কিনে নেয় রেয়াল। তাতে ধারণা জন্মে, ৩৪ বছর বয়সে এসে, দ্বিতীয় মেয়াদে রেয়ালে আরও কিছু সাফল্য যোগ করার সুযোগ পাবেন হোসেলু। কিন্তু হঠাৎ করেই এলো তার কাতারের ক্লাবে নাম লেখানোর খবর।

এখনই অবশ্য নতুন ঠিকানায় যাচ্ছেন না হোসেলু। বর্তমানে জাতীয় দলের হয়ে ইউরো মিশনে আছেন তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে স্পেন।

শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ জর্জিয়া। আগামী রোববার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে হোসেলুরা।