রেয়ালে চুক্তি নবায়ন নিয়ে ‘চিন্তা করছেন না’ ক্রুস
সান্তিয়াগো বের্নাবেউয়ে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী ৩৪ বছর বয়সী জার্মান মিডফিল্ডার।
একটু একটু করে ঘনিয়ে আসছে রেয়াল মাদ্রিদের সঙ্গে টনি ক্রুসের চুক্তির মেয়াদ শেষের সময়। তবে এ নিয়ে খুব বেশি ভাবছেন না অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার। সান্তিয়াগো বের্নাবেউয়ে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী তিনি।
অবসর ভেঙে গত মাসে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দেন ক্রুস। আগামী জুন-জুলাইয়ে দেশের মাটিতে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চোখ রেখে এই সিদ্ধান্ত নেন জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলা ফুটবলার। ২০১৪ বিশ্বকাপ জয়ী এই তারকাকে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রেখেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ক্রুসকে জিজ্ঞাসা করা হয়, ইউরোর পরও জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান কি-না। ৩৪ বছর বয়সী ফুটবলার তুলে ধরেন তার ভাবনা।
“আমাদের সামনে টুর্নামেন্ট (ইউরো) থাকায় আমি সত্যিই অন্য কিছু নিয়ে খুব বেশি চিন্তা করিনি। আমাকে প্রথমে আমার (ক্লাবের) সঙ্গে চুক্তির বিষয়ে পরিষ্কার হতে হবে। পরের মৌসুমের জন্য এখনও আমার চুক্তি হয়নি।”
রেয়ালের সঙ্গে ক্রুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। গত মৌসুমের শেষ দিকে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল এক বছরের জন্য। এবারও তেমন কিছুর আশায় আছেন তিনি।
"ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, কোনো সমস্যা নেই। উভয় পক্ষই শান্ত আছি। ক্লাবের ও ব্যক্তিগতভাবে আমার ভালো একটি মৌসুম কাটছে। আশা করি, আমরা একটি সন্তোষজনক সমাধান খুঁজে পাব।”
২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রেয়ালে পাড়ি জমান ক্রুস। খুব দ্রুতই স্প্যানিশ ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৪৫৫ ম্যাচ। চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অনেক শিরোপা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ২০১৩ সালে ট্রফির স্বাদ পান তিনি বায়ার্নের হয়েও।
কঠিন সময়ে জাতীয় দলে ফিরেছেন ক্রুস। গত দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি নিজেদের সবশেষ ১০ ম্যাচের মধ্যে জিতেছে স্রেফ দুটি। এর মাঝে গত সেপ্টেম্বরে দায়িত্ব পান নাগেলসমান। ক্রুস মনে করেন, তার অভিজ্ঞতা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে।
"যখন কেউ দলে ফিরে আসে এবং তার শত ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে, তখন এটা কিছুটা অন্যরকম হতে পারে, তবে খারাপ কিছু নয়।”
আগামী শনিবার ফ্রান্স ও মঙ্গলবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জার্মানি। ইউরোর আগে তারা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ইউক্রেইন ও গ্রিসের বিপক্ষে।
