২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোয় মাঠে নেমেই ইয়ামালের ইতিহাস

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়লেন স্পেনের এই তরুণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের প্রথম ম্যাচের শুরুর একাদশে জায়গা করে নিয়েই ইতিহাসে নাম লেখালেন লামিন ইয়ামাল। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন স্পেনের এই উইঙ্গার।

‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই এই কীর্তি গড়েন ইয়ামাল। এদিন তার বয়স ১৬ বছর ৩৩৮ দিন।  

ইউরোতে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটি এতদিন ছিল পোল্যান্ডের কাসপের কোজলোভস্কির। টুর্নামেন্টের গত আসরে প্রথম ম্যাচ খেলতে নামার সময় এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন।

বার্সেলোনায় দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে স্পেনের ইউরোর দলে জায়গা করে নেন ইয়ামাল। ১৬ বছর বয়সে গত সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে করেছেন দুটি গোল।

২০০৬ সালের বিশ্বকাপ দিয়ে যখন মেজর টুর্নামেন্টে অভিষেক হয় ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের, তখন জন্মই হয়নি ইয়ামালের। এই তরুণের রেকর্ডের কথা শুনে কিছুটা মজাও করেছেন মদ্রিচ।

“আমি যখন এমন বিষয় (ইয়ামালের রেকর্ড) শুনি, তখন নিজেকে বড্ড বুড়ো মনে হয়।”

এরপর ইয়ামালের প্রশংসায় ক্রোয়াট তারকা বলেন, “সবাই তাকে স্পেনের সবচেয়ে বড় বিপদ হিসেবে দেখবে, তার দারুণ সম্ভাবনা আছে এবং তার সামনে দারুণ একটা ক্যারিয়ার আছে।”

মোরাতার অনন্য কীর্তি

ক্রোয়াটদের উড়িয়ে অভিযান শুরু স্পেনের