১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হলান্ডের রেকর্ডের রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়

এক ম্যাচ পর ইউরোপ সেরা মঞ্চে জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।

হলান্ডের রেকর্ডের রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়
দলকে এগিয়ে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে আর্লিং হলান্ডের (বাঁয়ে) উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 03:25 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

অবিশ্বাস্য যাত্রায় গোলের ধারা ধরে রাখলেন আর্লিং হলান্ড। দলকে এগিয়ে নিলেন ম্যাচের শুরুতেই, নাম লেখালেন আরেক রেকর্ডে। তার দল ম্যানচেস্টার সিটিও পেল প্রত্যাশিত জয়। 

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। তাদের আরেক গোলদাতা বের্নার্দো সিলভা।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় এক ম্যাচ পর আবার জয়ের দেখা পেল সিটি। গত রাউন্ডে মোনাকোর বিপক্ষে ২-২ করেছিল সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরু হতেই এগিয়ে যেতে পারত সিটি, গোল পেতে পারতেন হলান্ড। কিন্তু দারুণ ছন্দে এগিয়ে চলা এই ফরোয়ার্ড ভালো পজিশনে থেকেও শট না নিয়ে পাস দেন সাভিনিয়োকে, তিনি আবার খুঁজে নেওযার চেষ্টা করেন জেরেমি ডোকুকে। পরে বল ক্লিয়ার করে ভিয়ারিয়াল।

প্রথম তিন মিনিটের মধ্যে আবার সুযোগ আসে হলান্ডের সামনে। এবার হেড লক্ষ্যে রাখতে পারেননি সিটির জার্সিতে আগের আট ম্যাচে জালের দেখা পাওয়া নরওয়ের তারকা।

সপ্তদশ মিনিটে আর ভুল করেননি হলান্ড। ডান দিক থেকে রিকো লুইসের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের গোল হলো চারটি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ১৫টি।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এরই সঙ্গে স্পর্শ করলেন সাত বছর আগে ক্রিস্তিয়ানো রোনালদোর গড়া রেকর্ড।

এই ১২ ম্যাচে হলান্ডে মোট গোল করেছেন ২৪টি।

চাপ ধরে রেখে ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। সাভিনিয়োর ক্রসে হেডে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার।

বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে প্রায় সমানতালেই চেষ্টা করে গেছে ভিয়ারিয়াল। গোলের জন্য সিটির চেয়ে একটি বেশি শটও নিয়েছে তারা; কিন্তু কাজের কাজ করতে পারেনি।

দারুণ এই জয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় আপাতত পঞ্চম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। গোল পার্থক‍্যে এগিয়ে থেকে চারে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

আর পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ৯ করে।

আরও পড়ুন

বার্সেলোনার গোল উৎসবে লোপেসের হ্যাটট্রিক

দুর্দান্ত যাত্রায় রোনালদোর পাশে গোলমেশিন হলান্ড

১৩ মিনিটে ৪ গোলের ঝড়ে আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

পিএসজির ৭ গোলের বন্যায় ভেসে গেল বায়ার লেভারকুজেন