২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েক সপ্তাহের জন্য’ ছিটকে গেলেন ডে ব্রুইনে

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার মতে, শুরুর একাদশে থাকার মতো যথেষ্ট ফিট ছিলেন বেলজিয়ান মিডফিল্ডার।

‘কয়েক সপ্তাহের জন্য’ ছিটকে গেলেন ডে ব্রুইনে

চোট পেয়ে মাঠ ছাড়ছেন কেভিন ডে ব্রুইনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 03:39 PM

Updated : 12 Aug 2023, 04:24 PM

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে না হতেই ফের আঘাত পেয়েছেন কেভিন ডে ব্রুইনে। নতুন মৌসুমের শুরুতেই ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ান তারকাকে।

গত জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় ডে ব্রুইনেকে। তাকে ছাড়াই অবশ্য ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে সিটি। ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে জেতে ট্রেবল।

এরপর লম্বা সময় বিশ্রামে ছিলেন ডে ব্রুইনে। গত রোববার আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। বদলি নামেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের পর ৩২ বছর বয়সী ফুটবলার বলেছিলেন, পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষায় আছেন তিনি।

বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে সিটি। ৩-০ গোলে জেতা সিটির শুরুর একাদশে ছিলেন ডে ব্রুইনে। কিন্তু বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। চোটে পড়ে ২৩তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। চলতি গ্রীষ্মে সিটিতে যোগ দেওয়া মাতেও কোভাচিচকে নামান গুয়ার্দিওলা।

ম্যাচ শেষে সিটি কোচ ডে ব্রুইনের চোটের অবস্থা নিয়ে কিছুটা ধারণা দেন।

“দুর্ভাগ্যবশত, সে আবারও চোট পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো একই জায়গায় এবং তাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। চোটের মাত্রার ওপর নির্ভর করছে তার ফেরা, তবে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছে।”

চ্যাম্পিয়ন্স লিগের পর দুই মাসের একটা বিরতি পান ডে ব্রুইনে। গুয়ার্দিওলার মতে, বার্নলির বিপক্ষে শুরুর একাদশে থাকার মতো যথেষ্ট ফিট ছিলেন এই ফুটবলার।

“সে হতাশ, অনেক লড়াই করেছে। খুবই ভালো অনুভব করছিল। তাকে শুরু থেকে ৫০-৫৫ মিনিট খেলাতাম আমি। হতাশায় আচ্ছন্ন হলেও সে কিন্তু শক্তিশালী, ঘুরে দাঁড়াবে।”

“সম্ভবত এটা আমার ভুল ছিল (তাকে শুরুতে নামানো)। তবে ১৫ কিংবা ২০ মিনিট পর যখন সে চোট পেল, ভুল কিছু মনে হয়নি। ৬৫ মিনিট পরে এমনটা হলে, সেটা হতো ক্লান্ত পেশির কারণে। চিকিৎসক ও তার সঙ্গে আমাদের কথা বলতে হবে।”