২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

‘আমিই কেন?’ কাভারাৎস্খেলিয়ার অসহায় আর্তনাদ

পিএসজির জর্জিয়ান এই উইঙ্গার যেন মানতেই পারছেন না নিজের নিয়তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 10:46 AM

Updated : 22 Oct 2026, 10:46 AM

হরিষে বিষাদ বুঝি একেই বলে। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্সে বার্সেলোনাকে হারানোর উচ্ছ্বাসের পরই বড় এক দুঃসংবাদ পেয়েছে পিএসজি। গুরুতর চোটে পড়ে মৌসুমের বাকি সময়টায় আর খেলতে পারবেন না খাভিচা কাভারাৎস্খেলিয়া। দলের জন্য যেমন একটি জোর ধাক্কা, তেমনি এই উইঙ্গার নিজেও মানতে পারছেন না এই নিয়তি। হৃদয় ভাঙার যন্ত্রণায় তিনি বলছেন, কেন তার সঙ্গেই এমন হলো!

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর পথে ওই চোট পান কাভারাৎস্খেলিয়া। ম্যাচের ৫৯তম মিনিটে শাভি এস্পার্তের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে মোচড় খান তিনি এবং এরপর নিজের পায়ে দাঁড়আতে পারছিলেন না। পিএসজির মেডিকেল স্টাফরা মাঠ তাকে থেকে কাঁধে করে নিয়ে যান।

পিএসজি পরে জানায় যে, “বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে কাভারাৎস্খেলিয়ার।” এসিএলের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস থেকে আরও অনেক বেশি সময় লাগে। অতি নাটকীয় উন্নতি না হলে চলতি মৌসুমে তার খেলার সম্ভাবনা সামান্যই।

চোটের পর জর্জিয়ান এই উইঙ্গারের হৃদয়ের যন্ত্রণা ফুটে উঠল সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায়।

“প্রতিটি ম্যাচের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন আমি সুস্থভাবে মাঠ ছাড়তে পারি। কিন্তু তা বৃথা গেল।

“(আঘাতের পর) বেশি সময় কাটেনি, তবুও একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে- আমিই কেন? আমি তো কখনও কিছু চেপে রাখিনি। আমার মনে হয়, এই খেলার জন্য আগের যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। ভেবেছিলাম আমি সবকিছুর জন্য প্রস্তুত - কিন্তু এটির জন্য নয়!”

হতাশায় মুষড়ে পড়লেও অবশ্য পুরোপুরি ভেঙে পড়ছেন না ২৫ বছর বয়সী ফুটবলার। প্রিয়জনদের জন্যই আবার মাঠে ফেরার প্রত্যয় জানালেন তিনি।

“আমি জানি, আমার আপনজনদের জন্য আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে, যারা সবসময় আমার পাশে থাকে। আমি তোমাদের হতাশ করব না - আমি কথা দিচ্ছি, আমি একটি মুহূর্তও নষ্ট করব না।”

গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখায় বড় অবদান ছিল কাভারাৎস্খেলিয়ার। সেবার ১০ গোল করার পাশাপামি ছয়টি গোলে সহায়তা করেন তিনি। জায়গা করে নিয়েছেন এবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায়ও।

কাভারাৎস্খেলিয়াই শুধু নন, বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচটিতে চোট পেয়েছে পিএসজির আরও গুরুত্বপূর্ণ দুই ফুটবলার উসমান দেম্বেলে ও মার্কিনিয়োসও। ১৯তম মিনিটে উরুর চোটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। পরে ডিফেন্ডার মার্কিনিয়োসও একই ধরনের সমস্যায় মাঠ ছাড়েন। এই দুজনের চোট কাভারাৎস্খেলিয়ার মতো অতটা গুরুতর নয়, তবে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দুজনকেই।