শেষের ১০ মিনিট ভুলতে চান জিকো
লেবাননকে ৮০ মিনিট আটকে রেখে প্রতিপক্ষ কোচের প্রশংসা পেল বাংলাদেশের রক্ষণভাগ।
গোলের জন্য ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর সাফল্য মেলায় যেন হাফ ছেড়ে বাঁচেন লেবানন কোচ আলেক্সান্দার ইলিচ। বাংলাদেশের রক্ষণের প্রশংসা করতেও ভোলেননি এই সার্বিয়ান কোচ।
ওই ৮০ মিনিট মাটি কামড়ে রক্ষণ সামলানোর তৃপ্তি আছে আনিসুর রহমান জিকোরও। কিন্তু শেষ ১০ মিনিটে আচমকা ঝড়ো বাতাসে পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে যাওয়ায় হতাশ বাংলাদেশের এই গোলরক্ষক।
সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। রক্ষণের দৃঢ়তার পাশাপাশি ৮০ মিনিট পর্যন্ত পোস্ট আগলে রাখা জিকো পরে আর পারেননি। সামনের পথচলায় ওই দশ মিনিটের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তিনি।
“দেখুন, ওই ১০ মিনিট বাদ দিলে কিন্তু ম্যাচ ড্র। কিন্তু সেটা হলো না। আগের অংশটুকুর পারফরম্যান্স নিয়ে যেমন ভালো লাগা আছে, শেষ ওই ১০ মিনিট নিয়ে কষ্টও আছে। তবে ওই সময়টুকু আমি, আমরা ভুলে যেতে চাই। যাতে করে, সামনের ম্যাচগুলোতে সেরাটা মেলে ধরতে পারি আমরা।”
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জয়ের চওড়া হাসি নিয়ে বাংলাদেশের রক্ষণের প্রশংসা করলেন লেবানন কোচ। প্রতিপক্ষের জমাট দেয়ালে চিড় ধরাতে হাসান মাতৌককে নামিয়েছিলেন বলেও জানালেন তিনি।
“আমাদের জন্য এটা কঠিন ম্যাচ ছিল। কেননা বাংলাদেশ রক্ষণে খুবই ভালো করেছে। প্রথমার্ধে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি, দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলায় এবং গোল পেলাম আমরা।”
“বলের নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল ছিল আমাদের। আমি মনে করি, যেটা বাংলাদেশকে ভুল করতে বাধ্য করেছে। মাতৌক সবসময় প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর খেলোয়াড়। তার বয়স ৩৫ বছর, কিন্তু এখনও জাতীয় দলের হয়ে চমৎকার খেলে যাচ্ছে। আজকেও সে প্রমাণ করল, সেই আমাদের সেরা খেলোয়াড়।”
