২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পেতে তাড়াহুড়া নেই এন্দ্রিকের

ব্রাজিলের এই টিনেজ প্রডিজি মনে করেন, কোনো ধাপ এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 09:15 AM

Updated : 26 Aug 2026, 09:50 AM

দেশের হয়ে প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলার জন‍্য তর সইছে না এন্দ্রিকের। তবে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পেতে ধৈর্য ধরতে কোনো আপত্তি নেই তার। 

কোপা আমেরিকার পর ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদে যোগ দেবেন এন্দ্রিক। সীমিত সুযোগে এরই মধ‍্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ‍্য দেখিয়েছেন তিনি। গত মার্চে প্রীতি ম‍্যাচে গোল করেছেন ইংল‍্যান্ড ও স্পেনের বিপক্ষে। তবে এরপরও বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোস্টা রিকার বিপক্ষে ‘ডি’ গ্রুপের ম‍্যাচের শুরুর একাদশে নাও থাকতে পারেন এন্দ্রিক। ত্রিফলা আক্রমণভাগে এখন পর্যন্ত ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের প্রথম পছন্দ ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও রাফিনিয়া। 

এক সংবাদ সম্মেলনে শুক্রবার এন্দ্রিক বলেন, শুরুর একাদশে জায়গা পেতে ধৈর্য নিয়ে অপেক্ষায় থাকবেন তিনি। 

“কোনো ধাপ এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু তার নিজস্ব সময়েই ঘটবে। সবকিছু ঈশ্বর ও প্রফেসর দরিভাল জুনিয়রের হাতে। তিনি অসাধারণ একজন কোচ। শুধু এন্দ্রিক, ভিনিসিউস জুনিয়র বা রদ্রিগো নয়, পুরো দলের জন‍্যই সেরাটা তিনি করছেন। আমি মনে করি তিনি সঠিক কাজটাই করছেন।”

আক্রমণভাগে যে কোনো জায়গায় খেলতে পারেন ব্রাজিলের তরুণ এই ফুটবল প্রডিজি। খেলার সুযোগ না পেলেও দলের ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রত‍্যয় জানিয়েছেন, সামনে আসা প্রথম সুযোগ কাজে লাগানোর।

“যা করতে পারি তা আমি করব। সেটা খেলেই হোক বা অন‍্যদের অনুপ্রেরণা দিয়েই হোক। মাঠের বাইরে টিম স্পিরিট বাড়িয়ে নিতে আমি সাহায‍্য করব। চেষ্টা করব ভালো একটা আবহ তৈরির। আর যখন দরিভাল আমাকে মাঠে নামাবেন, আমি প্রাণপণ চেষ্টা করব।”

পালমেইরাসের একাডেমিতে থাকার সময়ই ব্রাজিলজুড়ে পরিচিত পেয়ে যাওয়া এন্দ্রিক শুরুতে একটু ভুগছিলেন সিনিয়র দলে। মনে হচ্ছিল, প্রভাব পড়ছে বিপুল প্রত‍্যাশার চাপের। এন্দ্রিক জানালেন, সামনের চ‍্যালেঞ্জ মোকাবেলার জন‍্য এখন মানসিকভাবে তৈরি তিনি।  

“লোকজন সবসময়ই বলে আমি চাপ অনুভব করি। প্রত‍্যাশা মেটাতে আমার গোল করতে হবে, সব সময়ই এটা আমার মাথায় থাকত। তবে আমার মানসিকতায় পরিবর্তন এনেছি, এখন আর চাপ কিংবা গণমাধ‍্যমের কথা নিয়ে ভাবি না।”  

“আমাকে সবসময়ই দেখা হয়েছে আগেভাগে পরিণত হওয়া প্রতিভা হিসেবে। সিনিয়র ফুটবলে আসার পর থেকে প্রতিপক্ষ সবসময় আমাকে খোঁচানোর চেষ্টা করে, উত‍্যক্ত করে। আমার মা আর বান্ধবীকে নিয়ে অনেক কিছু বলে। এসবে অভ‍্যস্ত হয়ে গেছি। আমার বয়স যখন ১৬ তখন থেকেই এসব ঘটছে, এর সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন এসব ব‍্যাপারে আমি শান্ত থাকি। ব্রাজিলকে যেভাবে সম্ভব সাহায‍্য করতে চাই।

‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন‍্য দুই প্রতিপক্ষ প‍্যারাগুয়ে ও কলম্বিয়া।