২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরও ভালো’ হতে হলান্ডের অনুপ্রেরণা বেনজেমা

ম্যানচেস্টার সিটিতে যতটা সম্ভব উন্নতি করার প্রতিশ্রুতি দিলেন তরুণ এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 09:21 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

ম্যানচেস্টার সিটিতে আর্লিং হলান্ডের নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে আলো ঝলমলে। উন্নতির পথ ধরে সামনে এগিয়ে যেতে চান নরওয়ের তারকা এই ফরোয়ার্ড। এজন্য তিনি অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে দেখে।

গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে হলান্ডকে দলে এনেছে সিটি। বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন মনে করা হয় তাকে। তবে জার্মান ফুটবল থেকে ইংলিশ ফুটবলে এসে কেমন করবেন, সেই সংশয় ছিল অনেকের।

তবে নিজের প্রতিভার ছাপ তিনি রাখতে শুরু করেছেন পেপ গুয়ার্দিওলার দলে। চ্যাম্পিয়নদের হয়ে প্রিমিয়ার লিগ অভিষেক রাঙান জোড়া গোল করে। এখন পর্যন্ত লিগে তিন ম্যাচে তার গোল তিনটি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল বেনজেমার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে দুই জায়গাতেই তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ৪৪টি।

সম্প্রতি তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় স্প্যানিশ গ্রেট রাউল গনসালেসকে (৩২৩) পেছনে ফেলে দুই নম্বরে উঠেছেন। তার গোল এখন ৩২৫টি। ৪৫০ গোল নিয়ে ওপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

৩৪ বছর বয়সী বেনজেমার হাতে এই বছরের ব্যালন ডি’অর দেখছেন অনেকেই। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে তাকেই মনে করা হচ্ছে সবচেয়ে ফেভারিট।

ফুটবল ম্যাগাজিন ‘ফোরফোর টু’তে মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে হলান্ড বলেন, নিজের উন্নতি করে বেনজেমার মতোই দিনকে দিন আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে চান তিনি।

“জানি না সামনে কী আছে, তবে সবসময় শেখাটাই আসল, বিকশিত হতে হবে। আরও ভালো খেলোয়াড় হওয়ার নতুন পথ খোঁজা কখনোই বন্ধ করা যাবে না।”

“রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার দিকে দেখুন। তার বয়স এখন ৩৪। হঠাৎ করেই গত কয়েক বছরে তিনি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠেছেন। এটা খুবই ভালো। আমি সবসময় এমনটা চাই।”