কর্দোবায় রোমেরোর আবেগের রাত
দেশের মাটিতে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন অভিজ্ঞ ডিফেন্ডার।
আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো স্বপ্নের মতো একটা রাত কাটালেন মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে। প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলকে নেতৃত্ব দিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, সেটাও ঘরের মাঠে। রাতটা রাঙিয়ে রাখতে গোলও করলেন তিনি।
কর্দোবায় বৃহস্পতিবার বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চমৎকার হেডে দলের তৃতীয় গোলটি করেছেন রোমেরো। গ্যালারিতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।
আর্জেন্টিনার তৃতীয় অধিনায়ক ছিলেন রোমেরো। দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি, দুটিই দেশের বাইরে। বিশ্বকাপের পর লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির অবসরের পর আতলেতিকো মাদ্রিদ সেন্টার ব্যাককে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেন স্কালোনি। অধিনায়কের তালিকায় রোমেরোর পরে আছেন এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। স্থায়ী অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচ কর্দোবায় খেলা রোমেরোর জন্য বিশেষ কিছু।
ম্যাচের আগে তার মা রোসা নিজের রোমাঞ্চের কথা জানান টিওয়াইসিকে।
“খুবই গর্বের ও সৌভাগ্যের। জাতীয় দল নতুন ধাপে যে অভিযান শুরু করেছে এর জন্য সে ও আর্জেন্টিনার সবার জন্য শুভকামনা। খুব খুশি। তার কঠোর পরিশ্রম, ত্যাগ, সহজাত দক্ষতা ও মানসিক দৃঢ়তা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”
অদ্ভূত এক ভবিষ্যদ্বাণী করেন রোমেরোর মামা, “আজ সে হেডে গোল করবে এবং আমরা ২-১ ব্যবধানে জিতব।”
ম্যাচের ফল মেলেনি। তবে গোল ঠিকই পেয়েছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক। নিকো পাহয়ের চমৎকার ফ্রি কিকে জোরাল হেডে দূরের পোস্ট দিয়ে খুঁজে নিয়েছেন জাল।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নতুন অধ্যায় শুরুর উচ্ছ্বাস স্পষ্ট বোঝা গেল রোমেরোর কণ্ঠে।
“এটা বিশেষ একটা দিন। ১০ বছর আগে এখানে বেলগ্রানোর হয়ে আমার অভিষেক হয়েছিল, আজ এখানে ফিরেছি অধিনায়ক হয়ে। আমাদের জাতীয় দলের শ্রেষ্ঠতম সময়ের অংশ হতে পারা, অসাধারণ ব্যাপার। আমি কখনও এটা ভাবিনি, এটা অনেক বড় দায়িত্ব, তবে আমি নিজেকে তৈরি মনে করি।
“এটা চলতে থাকবে। আমরা লিওকে মিস করব, আমাদের অধিনায়ক। তার মতো আর কেউ হবে না। তিনি আমাদের জন্য দারুণ ঐতিহ্য রেখে গেছেন। আর আর্জেন্টিনাকে চূড়ায় ফেরাতে আমাদের এগিয়ে যেতে হবে।”
কোচ লিওনেল স্কালোনি মনে করেন, নেতৃত্ব পাওয়ায় এখন আর্জেন্টিনার ফুটবলের অংশ রোমেরো।
“সে বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন। আমরা শারীরিক দিক থেকে তাকে যে অবস্থায় চাই, বিশ্বকাপে সেখানে শতভাগ ছিল না। তবে আমরা তাকে সবসময়ই মাঠে চাই। কখনও কখনও সে ক্লান্ত হয়ে পড়ে, এখানে তার উন্নতি করতে হবে।”
