ভিনিসিউস ‘অপ্রতিরোধ্য’, রদ্রিগো ‘অভিজাত ও আকর্ষণীয়’
কোপা দেল রের ফাইনালে দুই ব্রাজিলিয়ানই পার্থক্য গড়ে দিয়েছে, বললেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
ফাইনালের ম্যান অব দা ম্যাচের ট্রফি উঠেছে রদ্রিগোর হাতে। জোড়া গোলে দলকে জেতানোর পর সেটিই ছিল স্বাভাবিক। তবে পুরস্কারটি যদি পেতেন ভিনিসিউস জুনিয়র, তবু অবাক হওয়ার কিছু থাকত না। তিনিও তো কম যাননি! গোল করেতে পারেননি বটে, তবে প্রতিপক্ষের রক্ষণে তিনি ছিলেন আতঙ্ক। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের জয়ের দুই নায়কের জন্য আলাদা করেই স্তুতি বরাদ্দ রাখলেন কোচ কার্লো আনচেলত্তি।
কোপা দেল রের ফাইনালে শনিবার ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে উজ্জ্বল ছিলেন দুজনই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রায় একক নৈপুণ্যে ওসাসুনার রক্ষণকে এলোমেলো করে ভিনিসিউস বল বাড়িয়ে দেন বক্সের ভেতর অরক্ষিত রদ্রিগোকে। গোল করতে ভুল হয়নি তার।
ভিনিসিউস দারুণ খেলতে থাকেন এরপরও। এর মধ্যে আবার মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেন। রিয়ালও কিছুটা ছন্দ হারায়। দ্বিতীয়ার্ধে গোলও হজম করে বসে তারা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রিয়াল আবার এগিয়ে যায় ওই দুই ব্রাজিলিয়ানের সৌজন্যেই।
আবারও বিপজ্জনকভাবে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। এবার অবশ্য শেষ খুব ভালো করতে পারেননি তিনি। বাঁ দিকের বাইলাইন থেকে কাট-ব্যাক করে বল দেন প্রতিপক্ষের পায়ে। তবে তারা তা ক্লিয়ার করতেও পারেনি। বরং বল পান টনি ক্রুস। বক্সের মাথা থেকে তার শট ওসাসুনার এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদল করে যায় রদ্রিগোর কাছে। তিনি আবার বল পাঠান জালে। সেটিই হয়ে যায় পরে জয়সূচক গোল।
বয়স দুজনেরই স্রেফ ২২। এর মধ্যেই ক্লাব ফুটবলের সম্ভব সব ট্রফি জেতা হয়ে গেল দুজনেরই। তবে এখনও তো তারা অঙ্কুরেই! আনচেলত্তি জানেন, প্রস্ফুটিত হয়ে সামনে আরও সাফল্যময় পথচলা তাদের অপেক্ষায়।
ফাইনাল শেষে যেমন রিয়াল মাদ্রিদ কোচ বললেন, রদ্রিগোর ছুটে চলার সীমানা তার জানা নেই।
“কেউ জানে না, সে কতদূর যেতে পারে। সে খুবই অভিজাত এক ফুটবলার। মাঠে তার পদক্ষেপ ও বিচরণ অসাধারণ এবং গোল করার ঝোঁক তার প্রবল। খুবই আকর্ষণীয় সে, দারুণভাবে উন্নতি করে চলেছে।”
সেভিয়ার মাঠে এ দিন দারুণ শুরুর পর কিছুটা খেই হারায় রিয়াল। ওসাসুনা লড়াই চালিয়ে যায় সমান তালে। এক পর্যায়ে ভিনিসিউস মেজাজ হারান। প্রতিপক্ষ ও রেফারির সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। প্রথমার্ধ শেষে টানেলে ঢোকার সময়ও তাকে দেখা গেছে তর্কে জড়াতে। বল পায়ে অবশ্য যথারীতি তিনি ছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে আনচেলত্তি এটাই মনে করিয়ে দিলেন যে, মাঠে নেমে কেবল খেলা নিয়েই ভাবনা থাকা উচিত দলের।
“প্রথম আধঘণ্টায় আমরা খুব ভালো খেলেছি। ভিনিসিউস ছিল অপ্রতিরোধ্য। এরপর আমরা কিছুটা মেজাজ হারিয়ে ফেলি। দল তখন ধীরস্থির ছিল না। তাদেরকে আমার স্থির করতে হয়েছে (মাঝ বিরতিতে)।”
“দলকে মনে রাখতে হবে, তাদের কাজ স্রেফ একটিই, ভালো ফুটবল খেলা। অন্য কিছু করতে যাওয়া মানেই মনোযোগ ও নিয়ন্ত্রণ হারানো। আমাদের ফুটবল খেলতে হবে। দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো ছিল না আমাদের, তারা সমতা ফেরায়। তবে রদ্রিগোর গোল আবার চিত্র বদলে দেয়।”
সবশেষে জয়টাই আনচেলত্তির কাছে স্বস্তির ও উচ্ছ্বাসের। সেই কৃতিত্ব তিনি দিলেন ভিনিসিউস ও রদ্রিগোকে।
“তারাই পার্থক্য গড়ে দিয়েছে। ভিনিসিউস বারবার তাদেরকে এলোমেলো করে দিচ্ছিল, রদ্রিগো তো দুটি গোলই করল। এই মুহূর্তে তারা বারবারই ব্যবধান গড়ে দিচ্ছে।”
