Published : 14 Nov 2025, 12:39 AM
ব্যথা পেয়ে হামজা চৌধুরী মাঠ ছাড়ার পর থেকেই তাকে ভারত ম্যাচে পাওয়া নিয়ে তৈরি হয় উদ্বেগ, উৎকণ্ঠা। সেই শঙ্কা অবশ্য উড়িয়ে দিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বললেন, হামজার চোট গুরুতর নয়।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ২-২ ড্র প্রীতি ম্যাচের ৭৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হামজা। ম্যাচ শেষে ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সবার মনে উঁকি দেওয়া শঙ্কা দূর করলেন কাবরেরা।
“না, গুরুতর কিছু নয় (হামজার চোট)। সামান্য পেশির টান। তার এমন কিছু হয়নি, যাতে করে ভারত ম্যাচের জন্য তার খেলার ঝুঁকি থাকবে।”
বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছিল বাংলাদেশ। এবার নেপালের বিপক্ষে একইভাবে গোল হজম করে জয় হাতছাড়া হওয়ায় হতাশ কাবরেরা।
“আবারও হতাশ, বিশেষ করে ম্যাচের শেষটা নিয়ে। শুরু থেকেই আমরা খেলাটা নিয়ন্ত্রণ করছিলাম, কিন্তু এগিয়ে যাওয়া কঠিন ছিল। আমরা আশা করেছিলাম ওরা নিচে থেকে খেলবে, কিন্তু বাস্তবে তা আরও কঠিন হয়ে গিয়েছিল প্রথমার্ধে। একটা বিচ্ছিন্ন মুহূর্তে তারা গোল পেল এবং আমরা পিছিয়ে গেলাম। তবে বিরতির পর আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি যেটা ভালো দিক। কিন্তু সামগ্রিকভাবে হতাশাজনক এক পারফরম্যান্স।”
“(শেষ মুহূর্তে গোল খাওয়া) আমি বলব না এটা মানসিক সমস্যা। এমন পরিস্থিতির মোকাবিলায় শতবার অনুশীলন করেছি, কিন্তু যেকোনো কারণে আজও সেটা কাটাতে পারিনি। এমনটা হতে পারে, কিন্তু এটা বারবার ঘটছে। আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো সংশোধন করব এবং এখন যে চার দিন সময় আছে, ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।”
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে আগামী মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যও জানালেন কাবরেরা।
“ম্যাচের ফল নিয়ে আমি খুশি নই। হতাশাজনক। আমরা প্রায় জিতেই যাচ্ছিলাম। যদিও পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত নই, তবুও জয়টা কাছে ছিল। এখন নেপাল ম্যাচটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে এবং এই উইন্ডোর মূল লক্ষ্য হলো ভারতের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করা, সেদিকে মনোযোগ দিতে হবে।”
আরও পড়ুন:
‘হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো’
বাইসাইকেল কিক ও পানেনকা শটেও বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা