Published : 14 Nov 2025, 12:38 AM
দুই অর্ধে দুই রকম বাংলাদেশ। প্রথমার্ধে বিবর্ণ। বিরতির পর গোছালো, জয়ের জন্য মরিয়া। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করলেন হামজা চৌধুরী। প্রথমটি দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে, এরপর পেনাল্টি কাজে লাগালেন পানেনকা শটে। ইংল্যান্ড প্রবাসী তারকার ঝলকে নেপালকে হারানোর পথেই ছিল বাংলাদেশ। কিন্তু বিধিবাম। যোগ করা সময়ের গোলে ভেস্তে গেল স্বাগতিকদের উৎসব।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে শেষ দিকে পথ হারিয়ে ২-২ ড্র করেছে হাভিয়ের কাবরেরার দল।
রোহিত চাঁদের গোলে পিছিয়ে থাকা বাংলাদেশকে ৪৬তম মিনিটে সমতায় ফেরান হামজা। চার মিনিট পরই দলকে এগিয়ে নেন তিনি। যোগ করা সময়ে সমতা ফেরান অনন্ত তামাং।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতি ঠিকঠাক সারতে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চেয়েছিল বাংলাদেশ। সে চাওয়া পূরণ হলো না।
শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হওয়ার পাশাপাশি হামজা ও জায়ান আহমেদের চোট পেয়ে মাঠ ছাড়া দুর্ভাবনায় ফেলেছে বাংলাদেশকে। ভারত ম্যাচের আগে সময় যে খুব বেশি নেই।
২০২০ সালের এই দিনে এ মাঠেই নেপালের বিপক্ষে সবশেষ জিতেছিল বাংলাদেশ; ব্যবধান ছিল ২-০ গোলের। দুই দলের সবশেষ দেখা গত সেপ্টেম্বরে, কাঠমাণ্ডুর প্রীতি ম্যাচটি হয়েছিল গোলশুন্য ড্র।
গত জুনে ভুটানকে প্রীতি ম্যাচে হারানোর পর এ নিয়ে পাঁচ ম্যাচ জয়হীন বাংলাদেশ।
শুরু থেকে অবশ্য বলের নিয়ন্ত্রণ রাখতেই বেশি মনোযোগী ছিল বাংলাদেশ। উল্লেখযোগ্য কোনো আক্রমণ শাণাতে পারছিলেন না রাকিব-ফাহিমরা। অনন্ত তামাং কড়া পাহারায় অনেকটা নিস্ক্রিয় করে রেখেছিলেন রাকিবকে।
প্রথম ভালো সুযোগ দুয়ারে কড়া নাড়ে ২৬তম মিনিটে, কিন্তু তালগোল পাকিয়ে রাকিব ও ফাহিম ব্যর্থ হন। লম্বা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি সুমিত শ্রেষ্ঠা, তার পায়ে লেগে বল যায় রাকিবের কাছে, তিনিও পারেননি ঠিকঠাক শট নিতে। এক পর্যায়ে বল যায় গোলকিপার কিরণ লিম্বু ও ফাহিমের মাঝামাঝি, ফাহিম শট নেওয়ার আগেই ছুটে এসে স্লাইডে ক্লিয়ার করেন লিম্বু।
সুযোগের অপেক্ষায় থাকা নেপাল ২৯তম মিনিটে গ্যালারির কলরব থামিয়ে এগিয়ে যায়। সুমিতের কাটব্যাকে ধরতে পা বাড়িয়েছিলেন সোহেল রানা সিনিয়র; কিন্তু নাগাল পাননি। চলন্ত বলে বক্সের একটু বাইরে থেকে নিচু বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন রোহিত।
ঘুরে দাঁড়াতে আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে বাংলাদেশ; কিন্তু তাদের আক্রমণগুলো ছিল অগোছালো। ৩৬তম মিনিটে ফাহিমের সোজা শট সহজে আটকান লিম্বু। এরপর ৪৩তম মিনিটে বাঁ দিক থেকে রাকিবের ক্রসে দূরের পোস্টে দুর্বল হেডে হতাশ করেন ফাহিম।
সোহেল রানা জুনিয়রের বদলে কানাডা প্রবাসী মিডফিল্ডার শোমিত সোমকে নামিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ।
এই অর্ধের প্রথম মিনিটেই হামজার ওই দৃষ্টিনন্দন ওভারহেড কিক। ফাহিমের ক্রস এক ডিফেন্ডার পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে যান জামাল। অধিনায়কের নিখুঁত চিপে অসাধারণ নৈপুণ্যে বল জালে জড়ান হামজা। গ্যালারি ফেটে পড়ে উচ্ছ্বাসে।
৫০তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন হামজা। বক্সে বলের নিয়ন্ত্রণ নিতে ছুটে আসা রাকিবকে নেপালের এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
১৯৭৬ ইউরোতে জার্মানির বিপক্ষে পেনাল্টি শুট আউটে আলতো করে সোজা শটে লক্ষ্যভেদ করে ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছিলেন আন্তোনিন পানেনকা, ডান দিকে ঝাঁপিয়ে পড়া লিম্বুকে একইভাবে পরাস্ত করলেন হামজা। গ্যালারিতে আরেক দফা বয়ে গেল আনন্দের ঢেউ।
লাল-সবুজের জার্সিতে এ নিয়ে হামজার গোল হলো চারটি। ভুটানের বিপক্ষে লক্ষ্যভেদ করে বাংলাদেশের হয়ে গোলের খাতা খুলেছিলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। এরপর এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে করেছিলেন দ্বিতীয় গোলটি।
এরপর নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরলে স্বস্তিতে থাকে বাংলাদেশ।
৭১তম মিনিটে তিনটি পরিবর্তন আনেন কাবরেরা। এর একটি অবশ্য বাধ্য হয়ে। চোট পেয়ে দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন জায়ান। তার সঙ্গে ফাহিম ও সোহেল রানা সিনিয়রকে উঠিয়ে শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও মোহাম্মদ হৃদয়কে নামান কোচ।
ভারত ম্যাচের আগে খেলোয়াড়দের ‘ম্যাচ টাইম’ দেওয়ার লক্ষ্যের কথা আগেই বলেছিলেন কাবরেরা। সেই পরিকল্পনাতেই হয়তো অধিনায়ক জামালকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তিনি। অধিনায়কের আর্মক্যান্ডও খুলে ফেলেছিলেন জামাল। কিন্তু সেই সময় চোট পান হামজা।
চোট কতটা গুরুতর, তা পরিষ্কার নয়। ৭৯তম মিনিটে তাকে তুলে কিউবা মিচেলকে নামান কোচ। লাল-সবুজের জার্সিতে অভিষেক হলো যুক্তরাষ্ট্র প্রবাসী এই মিডফিল্ডারের।
দুই চোটের দুর্ভাবনার মাঝেই জয়ের ঘ্রাণ পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ে বদলে গেল সবকিছু। কর্নার থেকে নিখুঁত ফ্লিকে মিতুলকে পরাস্ত করেন অনন্ত তামাং। তাতে পাঁচ বছর পর নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা গুঁড়িয়ে যায়।
আরও পড়ুন: