২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রশংসা মেসি-নেইমারের

বার্সেলোনা আরেকটা ম্যাচ জিতল, আরেকবার শিরোনাম হলেন লিওনেল মেসি আর নেইমার। আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই তারকা ফরোয়ার্ড যেন সত্যিই বার্সেলোনার জয়ের সমার্থক হয়ে উঠেছেন। আথলেতিক বিলবাওকে উড়িয়ে দেয়ার পর স্বাভাবিকভাবেই কোচ ও সতীর্থদের প্রশংসা ভেসেছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 01:08 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার রাতে বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। কাতালুনিয়া দলটির পক্ষে একটি করে গোল করেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস ও পেদ্রো; অন্যটি আত্মঘাতী।

মেসি শুধু একটি গোলই করেননি, সতীর্থদের করা বাকি তিনটি গোলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে পুরো দলের প্রশংসা করতে গিয়েও তাই মেসির কথা বিশেষ করে বললেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

“মেসি এবং সত্যিকার অর্থে পুরো দলটিকে কোচিং করানো একটা বিশেষ সুযোগ।…শক্তিশালী দল হচ্ছে সেটা, যারা সমষ্টিগতভাবে কাজ করে।”

সুয়ারেসের গোলটিতে অবদান রাখেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনার তারকার সঙ্গে নেইমারেরও প্রশংসা করেন সুয়ারেস।

“মেসি ও নেইমারের মতো খেলোয়াড়রা সবসময়ই পার্থক্য গড়ে দেবে। আমি তাদের সঙ্গে খেলাটা স্রেফ উপভোগ করি।”
চারদিক থেকে প্রশংসা পাওয়ার পরও একটু আক্ষেপ আছে নেইমারের। ম্যাচটিতে গোল করার ভালো কিছু সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কাজে লাগাতে পারেন মাত্র একটি। ম্যাচ শেষে তার কণ্ঠে তাই আরও গোল না পাওয়ার হতাশা ঝড়ে পড়ে।

“আমি (আমার সুযোগগুলো) নিতে বার বার ব্যর্থ হই। আমার আরও গোল করা উচিৎ ছিল। তবে আমি আমার গোল এবং দলের জয় নিয়ে খুশি। আমরা এখন শীর্ষ দল থেকে ছোঁয়ার দূরত্বে।”

আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পায় বার্সেলোনা। মেসি-নেইমাররা তা হাতছাড়া করেননি।

এই জয়ের ফলে ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৩। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫০।

পুরনো খবর:

এখনই ‘বুক ফুলাতে’ চায় না বার্সা
মেসি-নেইমার-সুয়ারেসে বার্সেলোনার বড় জয়