২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমার-সুয়ারেসে বার্সেলোনার বড় জয়

মেসি-নেইমার-সুয়ারেস একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কিছুই করার থাকে না। আথলেতিক বিলবাও দারুণ চেষ্টা করেও তাই পারল না বার্সেলোনাকে আটকাতে। ম্যাচ শেষে বড় জয়ের হাসিতেই মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 04:30 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

সব প্রশংসা মেসি-নেইমারের
এখনই ‘বুক ফুলাতে’ চায় না বার্সা

রোববার রাতে বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। কাতালুনিয়া দলটির পক্ষে একটি করে গোল করেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস ও পেদ্রো; অন্যটি আত্মঘাতী।

আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পায় বার্সেলোনা। মেসি-নেইমাররা তা হাতছাড়া করেননি।

এই জয়ের ফলে ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৩। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫০।

এই মাঠে শেষ তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে না পারার ক্ষোভ ছিল বার্সেলোনার। এবার সেটা ভালোভাবেই পুষিয়ে নিল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে লুইস এনরিকের দল, দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা।

পঞ্চদশ মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিকে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনা অধিনায়কের শট সামনের প্রাচীরের এক খেলোয়াড়ের মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়। এই গোলে এবারের আসরে মেসির গোল হলো ২৩টি। ২৮ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনেই আছেন তিনি। ৫ মিনিট পরেই অবশ্য গোলটা শোধ করে দিতে পারতো স্বাগতিকরা, কিন্তু স্পেনের স্ট্রাইকার আদুরিসের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন সুয়ারেস। তবে ২৬তম মিনিটে আর ব্যর্থ হননি উরুগুয়ের এই স্ট্রাইকার। মাঝ মাঠের একটু সামনে থেকে সুয়ারেস বল বাড়ান মেসিকে। বল পায়ে কিছুটা দৌড়ে ডি বক্সের সামনে ছুটে আসা লিভারপুলের সাবেক তারকাকে ফিরতি পাস দেন তিনি। বল পেয়েই দারুণ শটে গোলরক্ষকে পরাস্ত করেন এই মৌসুমেই কাম্প নউয়ে আসা সুয়ারেস। ৩০তম মিনিটে সুয়ারেস আরেকটা সুযোগ না হারালে জয়টা প্রায় নিশ্চিত করেই বিরতিতে যেতে পারতো বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। আর ৫৯তম মিনিটে স্পেনের মিডফিল্ডার মিকেল রিকো ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন। তবে তিন মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান ৩-১ হয়ে যায়। আর এর দুই মিনিট পর ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে ব্যবধান ৪-১ করে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন ব্রাজিলের তারকা নেইমার। ৬৬তম মিনিটে বিলবাওয়ের স্পেনের স্ট্রাইকার আদুরিস দারুণ কোনাকুনি শটে ব্যবধান কমিয়ে ফের লড়াইয়ের আভাস দিলেও বার্সেলোনার বড় জয় আটকাতে পারেনি তারা। ৭৫তম মিনিটে সুয়ারেসকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের ডিফেন্ডার হাভিয়ের। ৮৬তম মিনিটে আলতো শটে বার্সেলোনার পঞ্চম গোলটি করেন পেদ্রো। এই গোলে অসাধারণ ভূমিকা ছিল মেসির, ডি বক্সের বাইরে তিন জনের বাধা এড়িয়ে সের্হিও বুসকেতসকে পাস দেন তিনি। আর স্পেনের এই মিডফিল্ডার বল দেন স্বদেশী পেদ্রোকে।