২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই ‘বুক ফুলাতে’ চায় না বার্সা

আথলেতিক বিলবাওকে উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর পর বার্সেলোনায় বইছে আনন্দ-বাতাস। বার্সেলোনা কোচ লুইস এনরিকে এ নিয়ে খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেও এখনই আত্মহারা না হতে পরামর্শ দেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 12:07 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

সব প্রশংসা মেসি-নেইমারের
মেসি-নেইমার-সুয়ারেসে বার্সেলোনার বড় জয়

রোববার রাতে স্পেনের লা লিগায় বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। কাতালুনিয়া দলটির পক্ষে একটি করে গোল করেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস ও পেদ্রো; অন্য গোলটি আত্মঘাতী।

মেসি, নেইমার আর সুয়ারেস ত্রয়ী এক সঙ্গে জ্বলে ওঠাতেই বার্সেলোনা দুর্দান্ত এই জয় পেয়েছে বলে মনে করেন অনেকে। কিন্তু এনরিকে পুরো বিষয়টিকে দেখছেন অন্যভাবে।

“মেসি এবং সত্যিকার অর্থে পুরো দলটিকে কোচিং করানো একটা বিশেষ সুযোগ।…শক্তিশালী দল হচ্ছে সেটা, যারা সমষ্টিগতভাবে কাজ করে।”

আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পায় বার্সেলোনা। মেসি-নেইমাররা তা হাতছাড়া করেননি।

এই জয়ের ফলে ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৩। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫০।

এনরিকে অবশ্য সবাইকে পা মাটিতেই রাখতে বলেন।

“মৌসুম জুড়ে আমাদের সবারই চড়াই-উতরাই আছে। সবচেয়ে ধারাবাহিক দলই লিগ জিতবে, কিন্তু আপনি কখনোই জানেন না-এটা শেষ দিনেও জেতা হতে পারে, তাই আমরা এখনই বুক ফুলানোর কারণ দেখি না।”