২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পাননি জিমিরা

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া জিমি, জাহিদ, পিন্টু ও রানাকে ওয়ার্ল্ড হকি লিগের প্রশিক্ষণ ক্যাম্পে ডাকেনি বাংলাদেশ হকি ফেডারেশন। তবে নির্বাচকরা জিমিদের জন্য জাতীয় দলে ফেরার দরজা খোলাই রাখছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2014, 02:19 AM

Updated : 25 Apr 2022, 05:02 PM

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের জন্য বুধবার ১৩ জনকে প্রশিক্ষণ ক্যাম্পে ডেকেছে ফেডারেশনের নির্বাচক কমিটি। ২৭ নভেম্বর থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প।

নির্বাচক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কিসমত বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, নিষেধাজ্ঞা ওঠার আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় জিমিদের ক্যাম্পে ডাকেননি তারা।

“সবে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন ফেডারেশন তাদের চিঠি দেবে। সব আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা তাদের ডাকতে পারব।”

“তাদের জন্য দলের দরজা খোলা থাকছে। তবে যোগ্যতা প্রমাণ করেই তাদের আসতে হবে। তারা দীর্ঘ দিন খেলার মধ্য নেই। দলে ডাকার আগে কিছু ফুট ওয়ার্ক দিয়ে তাদের ফিটনেস দেখতে হবে।”, যোগ করেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে সিঙ্গাপুরে শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ হকি দল।

২০১৩ সালের এশিয়া কাপের ব্যর্থতার তদন্তের পর গত নভেম্বরে রাসেল মাহমুদ জিমি, জাহিদ হুসাইন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে হকি ফেডারেশন।

রানার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় গত অক্টোবরে। আর জিমি, পিন্টু ‍ও জাহিদকে নিষেধাজ্ঞা থেকে গত মঙ্গলবার মুক্তি দেয় ফেডারেশন।

ক্যাম্পে ডাক পাওয়া ১৩ জন:

মামুনুর রহমান চয়ন, আব্দুল্লাহ আল মনসুর, রোকনুজ্জামান সোহাগ, রিমন কুমার ঘোষ, কৃষ্ণ কুমার দাস, শেখ মো. নান্নু, হাসান যুবায়ের নিলয়, শামীম মিয়া, পুস্কর ক্ষিসা মিমো, সজিবুর রহমান (জিকে), তাপন বর্মন, মনোয়ার হোসেন রাসেল (জিকে),ইরফানুল হক।