২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে লিভারপুল

প্রাক-মৌসুম প্রস্তুতির টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

যুক্তরাষ্ট্রে প্রস্তুতিমূলক টুর্নামেন্টটি একদমই ভালো কাটেনি এসি মিলানের। শনিবার শার্লটে লিভারপুলের কাছে হেরে যাওয়ায় এই টুর্নামেন্ট থেকে কোনো পয়েন্ট না পেয়েই বিদায় নিতে হলো ইতালির ক্লাবটির।

১৭তম মিনিটে অ্যালেনের গোলে এগিয়ে যায় লিভারপুল। গোলটি একটু নাটকীয়ই ছিল। মাইকেল এসিয়েনকে কাটিয়ে অ্যালেনের নেয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে। রাহিম স্টার্লিংয়ের নেয়া ফিরতি শট কোনোমতে ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক ক্রিস্তিয়ান আব্বিয়াতি। বল পেয়ে এবার ঠিকই মিলানের জালে বল পাঠান অ্যালেন।

ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় লিভারপুল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ল্যাম্বার্ট।

৯০তম মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড কৌতিনিয়োর পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন স্পেনের মিডফিল্ডার সুসো।

সোমবার শিরোপা লড়াইয়ে প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রায় এক লাখ দশ হাজার দর্শকের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

পুরনো খবর:

রেকর্ড দর্শকের সামনে রিয়ালকে হারালো ম্যান ইউ