ব্রাজিলে ঘাঁটি ঠিক করলো স্পেন
ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে স্পেন। আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপের সময় নিজেদের অনুশীলনের জন্য আতলেতিকো পারানাইন্সের কাজু অনুশীলন কেন্দ্রকে বেছে নিয়েছে দলটি।
স্পেন ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র এ কথা জানান। অনুশীলন কেন্দ্রটি বিশ্বকাপের ১২টি ভেন্যু শহরের একটি কুরিচিবায়। এই কেন্দ্রে আটটি ফুটবল মাঠ ও তাপনিয়ন্ত্রিত সুইমিংপুল আছে।
আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েই প্রথম বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইকার ক্যাসিয়াসরা। ‘বি’ গ্রুপের অন্য দুটি দল হলো চিলি ও অস্ট্রেলিয়া।
শুধু ২০১০ সালের বিশ্বকাপই নয়, ২০০৮ ও ২০১২ সালে ইউরোপ সেরার ট্রফিও জিতেছে স্পেন।
