বায়ার্নের সহজ আর বরুশিয়ার কষ্টার্জিত জয়
জার্মান বুন্দেসলিগায় সহজ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। টমাস মুলারের জোড়া গোলে মাইন্সকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার অন্য ম্যাচে হানোভারের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে কিন্তু ১-০ গোলে পিছিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধের বদলি মারিও গোটসে মাঠে নেমেই খেলার চিত্র পাল্টে দেন। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের করা চার গোলের তিনটিতেই বড় অবদান আছে তার।
স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় মাইন্স । ডিফেন্ডার বোয়েটাং লম্বা পাস ক্লিয়ার করতে ব্যর্থ হলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান শন পার্কার। ৪৪ মিনিটে খেলার বিপরীতে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় আরিয়ান রোবেনের গোলে সমতা ফেরায় জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি। গোটসের ডিফেন্স চেরা পাস থেকে গোল করেন ডাচ তারকা।
দুই মিনিট পরই এগিয়ে যায় বায়ার্ন। গোটসে ও রোবেন হয়ে বল মুলারের পায়ে এলে ১২ গজ দূর থেকে নেয়া জোরালো শটে তা জালে জড়িয়ে দেন তিনি।
৬৯ মিনিটে মারিও মানজুকিচের করা তৃতীয় গোলেও অবদান গোটসের। ৮২ মিনিটে মুলারের সফল পেনাল্টি বায়ার্নের সহজ জয় নিশ্চিত করে।
সিগনাল ইডুনা পার্কে বরুসিয়ার ত্রাতা মার্কো রিয়াস। ৪ মিনিটের মাথায় তার পেনাল্টি এগিয়ে দেয় স্বাগতিকদের।
এরপর দুই দল গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল হয়নি।
শীর্ষে থাকা বায়ার্ন ৯ খেলায় পেয়েছে ২৩ পয়েন্ট। তাদের ঠিক পেছনেই থাকা বরুসিয়া সমান খেলায় পেয়েছে ২২ পয়েন্ট।
