বিশ্বকাপে কলম্বিয়া
ব্রাজিলে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে কলম্বিয়া। শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের দুই পেনাল্টি গোলে চিলির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রয়োজনীয় ১ পয়েন্ট পেয়ে বিশ্ব কাপে খেলা নিশ্চিত করে দেশটি।
এই ড্রয়ের ফলে চিলিরও বিশ্বকাপে খেলা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে।
উরুগুয়েকে একমাত্র গোলে হারিয়ে ইকুয়েডরেরও বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিত। আর এতে লাতিন আমেরিকার পরাশক্তি উরুগুয়ের সরাসরি বিশ্বকাপে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়লো। পঞ্চম স্থানে থেকে খুব সম্ভবত প্লে অফেই যেতে হচ্ছে লুইস সুয়ারেসের দেশকে।
লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে পেরুকে।
কলম্বিয়ার জালে ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন চিলির আর্তুরো ভিদাল। বার্সেলোনার স্ট্রাইকার আলেক্সিস সানচেস সাত মিনিটের মধ্যে ২ গোল করলে ম্যাচের প্রথম আধ ঘণ্টার মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে কলম্বিয়া।
৬৬ মিনিটে কার্লোস কারমোনার লাল কার্ডে চিলি ১০ জনের দলে পরিণত হলে খেলায় ফিরে আসে কলম্বিয়া। ৬৯ মিনিটে এক গোল শোধ করে তিয়ো গুতিয়েরেস। আর শেষ ১৫ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ফ্যালকাওয়ের দুই গোলে প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিত করে কলম্বিয়া।
১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্ব কাপে খেলার সুযোগ পেল কলম্বিয়া।
উরুগুয়েকে একমাত্র গোলে হারিয়ে বিশ্ব কাপ সরাসরি উঠা মোটামুটি নিশ্চিত করেছে ইকুয়েডর। আনতোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জেফারসন মনতেরো।
নিজেদের মাটিতে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভেনেজুয়েলা।
সমান ২৫ করে পয়েন্ট ইকুয়েডর ও চিলির। উরুগুয়ের ২২। তবে গোল ব্যবধানে উরুগুয়ের (-১) চেয়ে অনেক এগিয়ে আছে ইকুয়েডর (+৫) ও চিলি (+৩)।
সান্তিয়াগোতে চিলি ও ইকুয়েডরের ম্যাচটি ড্র হলে দুই দলই সরাসরি ব্রাজিলের টিকিট পাবে। এমনকি চিলি বড় ব্যবধানে না হারলে দুই দলেরই বিশ্ব কাপ নিশ্চিত হয়ে যাবে।
উরুগুয়েকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে এবং বড় ব্যবধানে পরাজয় কামনা করতে হবে চিলির।
আর তা না হলে, পঞ্চম স্থান ধরে রাখতে পারলে উরুগুয়েকে আগামী মাসে দুই রাউন্ডের প্লেঅফ খেলতে হবে এশিয়ার জর্দানের সঙ্গে।
২০০২ থেকে গত তিনটি বিশ্বকাপেও প্লে অফ খেলতে হয়েছে উরুগুয়েকে। ২০০২ ও ২০১০ সালে তারা জিতলেও, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।
