'মেসি, রোনালদোর কাতারে উঠতে বাকি নেইমারের'
বার্সেলোনার তরুণ ব্রাজিল তারকা নেইমারকে ঘিরে প্রত্যাশার শেষ নেই ফুটবল বিশ্বে। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রোনালদোর মতে, বর্তমানের দুই সেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানোর রোনালদোর কাতারে এখনও আসেননি নেইমার।
ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ মনে করেন, মেসির সঙ্গে খেলে অনেককিছু শিখতে পারবে নেইমার।
আর তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ী রোনালদোর বিশ্বাস, বার্সার ঘর ক্যাম্প নিউতেই সেরা হয়ে উঠবেন নেইমার।
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদো বলেন, “আমরা মেসি ও ক্রিস্টিয়ানোর (রোনালদো) বিষয়ে কথা চালিয়ে যেতে পারি, কারণ নেইমারের সেরা হয়ে উঠতে আমাদের আরো অপেক্ষা করতে হবে।”
“সে তরুণ খেলোয়াড়। তবে হ্যাঁ, সে শিখবে এবং অন্যতম সেরা হয়ে উঠবে”, যোগ করেন তিনি।
এবারের মৌসুম শুরুর আগে প্রায় পাঁচ কোটি ৭০ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। নিউ ক্যাম্পে আসার নেইমারের সিদ্ধান্তের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেন ‘সিনিয়র’ রোনালদো।
তিনি বলেন, “ইউরোপীয় ফুটবলে বার্সায় মেসির সঙ্গে খেলে নেইমার অনেককিছু শিখবে। ইউরোপে খেলে ব্রাজিলের অনেক খেলোয়াড় সাফল্য পেয়েছে।”
“যদিও শুরুতে এটা কঠিন হবে তবে দীর্ঘ পরিসরের ক্যারিয়ারে তা সুফল বয়ে আনবে”, যোগ করেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৫টি গোলের মালিক।
