২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগার বিপক্ষে মেসিবিহীন বার্সা

বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, রোববার স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে লিওনেল মেসিকে খেলানো হবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 02:14 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বাঁ উরুতে চোট পান মেসি। প্রথমার্ধের পুরোটা খেললেও দ্বিতীয়ার্ধে টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে মাঠে নামাননি মার্তিনো।

মালাগার মাঠে মেসিকে না খেলানো প্রসঙ্গে বার্সার কোচ বলেন, “মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। সতর্কতার কারণে তাকে দলে রাখা হয়নি। মৌসুমের শুরুতেই আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।”

দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে মালাগা সফরে কঠিন পরীক্ষার সামনে পড়তে হতে পারে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।

গত মৌসুমে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল মালাগা। লা লিগায় তাদের অবস্থান ছিল ষষ্ঠ।