ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনীর প্রয়োজন এক পয়েন্ট, মুক্তিযোদ্ধার জয়। এই সমীকরণ নিয়ে মাঠে নেমে দু-দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে øায়ুক্ষয়ী ম্যাচে ২-২ গোলে ড্র করে শিরোপার উল্ল¬াসে মেতে উঠেছে আবাহনী লিমিটেড।
ড্রয়ের সুবাদে আবাহনীর জুলিতে জমা পড়েছে ৪৫ পয়েন্ট। তাই মাঝখানে এক মৌসুম পর আবার শিরোপা এসেছে আবাহনীরই ঘরে। আর মুক্তিযোদ্ধাকে ৪৪ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
লিগের পাঁচটি আসরের মধ্যে আবাহনীর এটি চতুর্থ শিরোপা। প্রথম তিনটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো নীল-আকাশী শিবির। মাঝখানে এক মৌসুম ছিলো শেখ জামালের।
কাছাকাছি এসে এবারো আবাহনী হারাতে বসেছিলো শিরোপা। ১৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার কর্নার থেকে আরিফুল ইসলামের পা ঘুরে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার আলতো শটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১-০)।
৭০ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরেও রাখে মুক্তিযোদ্ধা। অবশ্য আবাহনীর আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে বাধ্য হয় তারা। তরুণ স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি গোলে সমতা নিয়ে আসে নীল-আকাশী শিবির (১-১)।
তিন মিনিটের ব্যবধানে আবার সানডের গোল, মুক্তিযোদ্ধার প্রথম শিরোপার আশায় উদ্বেল হয়ে ওঠা। লিমার ফ্রি কিক থেকে অফসাইডের ফাঁক গলে সানডে বেরিয়ে পা ছোঁয়াতেই বল ঠিকানা খুঁজে পায় আবাহনী জালে (২-১)।
৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার সে আশার গুড়ে বালি হয়ে যায় আবাহনী মিডফিল্ডার জাহিদ হোসেনের কৃতিত্বে। ঘানার মিডফিল্ডার ইব্রাহিমের লবে জাহিদ বল থামিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে হেডে লক্ষ্যভেদ করেন (২-২)।
শেষ পর্যন্ত এই ২-২ সমতা ধরে রেখে সাফল্যের আনন্দে ভেসে গেছে দেশের অন্যতম জনপ্রিয় দলটি।
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি এই জয় উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ইরানি কোচ নাসের হেজাজিকে। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, “নাসের হেজাজির অনুপ্রেরণায় আমি বাংলাদেশে এসেছি। পেয়েছি অধরা লিগ শিরোপা। যা আমার কাছে স্বপ্নের মতো।”
মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক ভাগ্যকেই দুষেছেন। তিনি বলেন, “দু-দুবার এগিয়ে গিয়েও জিততে না পারা দুর্ভাগ্যজনক। তাই বলার কিছু নেই আমার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৭ঘ.
bdnews24