২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ফিরে পেতে চান ফার্গুসন

সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারো 'ওল্ড ট্রাফোর্ড'এ ফিরিয়ে আনতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারো 'ওল্ড ট্রাফোর্ড'এ ফিরিয়ে আনতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ফার্গুসন তার কাছের বন্ধু ও ইতালির বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পিকে এ কথা বলেন বলে লিপ্পি জানিয়েছেন। লিপ্পি বলেন, "আমাকে অ্যালেক্স বলেছেন পারলে আগামীকালই তিনি রোনালদোকে ফিরিয়ে আনতে চান। আমরা দুজনই জানি সে (রোনালদো) আক্রমণভাগের অসাধারণ একজন খেলোয়াড়। বল বানানো ও গোল করা দুটি কাজই সে সমান দক্ষতায় করতে পারে। এখন সে খেলছেও দারুণ।" "তবে সত্যিকারের দেখার মত বিষয় হচ্ছে সে সব সময়ই গোল করে।" বলেন লিপ্পি। ইদানিং শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। আর রোনালদো নিজের মুখেই বলেছেন, ফার্গুসন ও ওল্ড ট্রাফোর্ডের জীবন এখনো তাকে স্মৃতিকাতর করে তোলে। ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যান ইউ থেকে রিয়ালে যান রোনালদো। তবে ওই দল-বদলটা রোনালদোর ইচ্ছায় হয়নি বলেই অনেকে মনে করেন। রিয়ালের হয়ে এবার দারুণ একটা মৌসুম কাটিয়েছেন রোনালদো। 'লা লিগা'র ইতিহাসে এক মৌসুমে রেকর্ড ৪০টি গোল করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৪ ঘ.