ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহিদ হাসান এমিলি ও সার্জিও চিকোর জোড়া গোলের সুবাদে বাংলাদেশ লিগে বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল চট্টগ্রাম আবাহনীকে নিয়ে রীতিমতো ছেলে-খেলায় মেতে ওঠে। খেলার ৭ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আরিফুল ইসলামের গোলে এগিয়ে যায় দলটি। আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামির কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে আরিফুল মাথা দিয়ে পাঠিয়ে দেন জালে।
২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ সুজন। চট্টগ্রাম আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড় জমিরউদ্দিন শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় লোগবোগাকে মাটিতে ফেলে দিলে রেফারি ভরত চন্দ্র পেনাল্টির বাঁশি বাজান।
প্রথমার্ধে শেখ জামালের পক্ষে গোল দু'টো করেন রক্ষণভাগের খেলোয়াড়রা। আর দ্বিতীয়ার্ধে শুরু হয় আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করার পালা। বাকি চারটি গোলই করেন আক্রমণভাগের দুই খেলোয়াড় এমিলি ও সার্জিও।
খেলার ৬১ মিনিটে জাহিদ হাসান এমিলি দলের পক্ষে তৃতীয় গোল করেন। আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় অরুনামি সামান্য ভাসিয়ে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। ঝাঁপিয়ে পড়ে 'হেড' করেন বদলি খেলোয়াড় এমিলি। ক্রসবারে লেগে বল জড়িয়ে যায় জালে।
৩ মিনিট পর আবারো গোল করেন এমিলি। আব্দুল বাতেন কোমল আড়াআড়িভাবে বল ঠেলে দেন প্রতিপক্ষের বক্সে। বল নিয়ন্ত্রণে নিয়ে জায়গা মতো পাঠিয়ে দেন এমিলি।
এরপর শুরু হয় সার্জিওর পালা। পরপর দুই গোল দেন তিনি। প্রথমটি ৭৬ মিনিটে ও দ্বিতীয়টি কিছুক্ষণ পর।
এ জয়ের ফলে শেখ জামাল ১৪ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান খেলায় মাত্র ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে সব দলের নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৮ ঘ.
bdnews24