রোম, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির বিশ্বকাপ ফুটবলের শিরোপা রক্ষা করার বাস্তব সম্ভাবনা রয়েছে বলে মনে করেন জুভেন্টাসের সাবেক গোলরক্ষক দিনো জোফ।
একটি ওয়েবসাইটে সাবেক ইতালি অধিনায়ক দিনো বলেন, "আমাদের জাতীয় দলের আবারো বিশ্বকাপ ঘরে তোলার বহু সম্ভাবনা রয়েছে।" এখানেই থেমে থাকেননি, বলেই চলেন তিনি, "জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ডের মতো ফেবারিটরা আছে প্রতিযোগিতায়। তারপরও আমরা আমাদের খেলা খেলেই বিশ্বকাপ নিয়ে আসতে পারি দক্ষিণ আফ্রিকা থেকে।"
জাতীয় দলের সাবেক কোচ বলেন, নাপোলির মর্গান স্যানসিটিস, ক্যাগলিয়ারির ফেদেরিকো মার্চেত্তি, পালের্মোর সালভাতোর সিরিগু, এই তিন গোলরক্ষককে নিয়ে কোচ মার্সেলো লিপ্পির ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া দরকার। তাদের অভিজ্ঞতা নিয়েও মূল্যায়ন করা দরকার বলে মনে করেন তিনি।
তিনজনকেই চমৎকার গোলরক্ষক হিসেবে অভিহিত করে জাতীয় দলের সাবেক গোলরক্ষক বলেন, "তবে আমার বিশ্বাস সিরিগু এখন ভালো করছেন। তিনি যে মান-সম্পন্ন খেলোয়াড় তা স্পষ্ট হয়ে উঠেছে তার খেলায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৬ ঘ.
bdnews24