২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালুকে নিয়ে বিতর্ক, সালাউদ্দিনের আশ্বাস

এবার পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমন ব্যক্তিকেই বসানো হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের চেয়ারম্যান পদে। শেয়ালের কাছে মুরগী জমা রাখার মতো এই ঘটনা ঘটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এবার পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমন ব্যক্তিকেই বসানো হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের চেয়ারম্যান পদে। শেয়ালের কাছে মুরগী জমা রাখার মতো এই ঘটনা ঘটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। সিনিয়র ডিভিশন ফুটবল লিগের এই চেয়ারম্যানের নাম মনজুর হোসেন মালু। বাফুফের সদ্য নির্বাচিত এই সহ সভাপতি পাতানো খেলার অভিযোগ মাথায় নিয়েও বসে গেছেন ওই পদে। গত কমিটিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন শেষ আট মাস। ওই সময়ে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে তার প্রভাব খাটানোর কথা নিত্য শোনা যেতো। অনেকের অভিযোগ, পাতানো খেলা এবং রেফারি নিয়ন্ত্রন করেই চ্যাম্পিয়ন হয়েছে মালুর ক্লাব ইয়ংমেন্স ফকিরেরপুল। মনজুর হোসেন মালুর বিরুদ্ধে এত অভিযোগের পরও তাকে লিগ কমিটির চেয়ারম্যান করায় অনেকে অবাক হয়েছেন। বিশেষ করে এই সিদ্ধান্ত যখন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ফুটবল ব্রতের পরিপন্থী হয়ে যায়। তবে সভাপতি আশ্বস্ত করেছেন, "আমি অপনাদের কথা দিচ্ছি, পাতানো খেলার সঙ্গে কর্মকর্তাদের যোগসূত্র খুঁজে পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।" কিন্তু পাতানো খেলা চিহিত করা তো কঠিন। তাৎক্ষণিকভাবে সালাউদ্দিনের জবাব, "আপনারা তো আছেন। এক্ষেত্রে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করবে। তাছাড়া তারা দুজনই পাতানো খেলা বন্ধ করার জন্য কাজ করবে বলে জানিয়েছেন।" চেয়ারম্যান মনজুর হোসেন মালু ছাড়া অন্যজন হলেন কো-চেয়ারম্যান শওকত আল খান জাহাঙ্গীর। পরের জন এর আগে দীর্ঘ ১৭ বছর লিগ কমিটির কর্মকর্তা হিসেবে কাজ করলেও তার বিরুদ্ধে পাতানো খেলার সঙ্গে সরাসরি জাড়িত থাকার অভিযোগ কখনো ওঠেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১০৫৯ ঘ.