২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগের প্রতিবাদ জানাবে বিসিবি

ক্রিকেট বোর্ডের ‘পরিচালক’রা আগের দিন সংবাদ সম্মেলন করে তুলে ধরেছিলেন বর্তমান ক্রিকেট বোর্ডের কার্যক্রমে দুর্নীতির চিত্র । সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সভায় তাই স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনা হয়েছে এ নিয়ে। সাধারণ সম্পাদক মাহবুব আনাম বললেন,“আমরা কোনো কাদা ছোঁড়াছুড়িতে যাব না। তাই তাদের মতো কোনো সংবাদ সম্মেলনও করছি না আমরা।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তা না করলেও বিসিবির তরফ থেকে প্রতিবাদলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন জানালেন সে কথা,“যদিও সভায় অনেকেই সংবাদ সম্মেলন করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বোর্ড সভাপতি বলেছেন শুধু প্রতিবাদলিপি দিতে।”

ওয়ার্কিং কমিটির সভায় এএসএম ফারুককে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান করা হয়েছে। তাছাড়া আফ্রো --- এশিয়া কাপে বাংলাদেশ থেকে নির্বাচক হিসেবে এই সাবেক ক্রিকেটারের নামই পাঠানো হচ্ছে কাল পরশুর মধ্যে। ২৬ মার্চ থেকে স্বাধীনতা দিবস ক্রিকেট টূর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও  সিদ্ধান্ত হয়েছে সভায়। প্রথম পর্ব শেষে প্রিমিয়ার ক্রিকেট লিগের শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনে প্রাথমিকভাবে একমত হয়েছেন সবাই। ক্লাবগুলো খেলতে সম্মত না হলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স স্কোয়াড, বিসিবি একাডেমী --- এমন চারটি দল গড়ে হলেও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আলোচিত হয়েছে সভায়।