২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতান আকার্যকর, সভাপতির কাজ চালাবেন মনির আহমেদ

বিতর্কিত সভাপতি এস এ সুলতানকে অকার্যকর করে নির্বাচনের পথে এগোতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন থেকে সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ সভাপতির দায়িত্ব পালন করবেন এবং ফিফার বেঁধে দেওয়া সময় আগামী এপ্রিলের মধ্যে তিনি নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 05:15 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিতর্কিত সভাপতি এস এ সুলতানকে অকার্যকর করে নির্বাচনের পথে এগোতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন থেকে সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ সভাপতির দায়িত্ব পালন করবেন এবং ফিফার বেঁধে দেওয়া সময় আগামী এপ্রিলের মধ্যে তিনি নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছেন। রোববার বাফুফের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে গত ২৭ ডিসেম্বর বাফুফে সভাপতি এস এ সুলতানের দেওয়া চিঠিই ছিল মূল আলোচনার বিষয়। "চিঠিতে সভাপতি বাফুফের কাজ চালাতে অক্ষমতা প্রকাশ করেছেন। তাই সিনিয়র সহ সভাপতি মনির আহমেদকে সভাপতির দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে"--রাতের সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাত্তাহ। মনির আহমেদ সাদরে এই দায়িত্ব গ্রহণ করে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী ও ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সহযোগিতা চেয়েছেন, "আমরা শীঘ্রই ক্রীড়া উপদেষ্টা ও ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বসবো। ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ চাইবো। একটা সুন্দর নির্বাচন কীভাবে করা যায় সেটাই আমার চেষ্টা থাকবে।" মানে নিজের বিছানো জালে নিজে ধরা পড়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। বাফুফের কাছে পদত্যাগ না করে তিনি গত ১২ ডিসেম্বর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ফিফা প্রেসিডেন্টের বরাবরে। ফিফা তা গ্রহণ না করে ১৭ ডিসেম্বর উল্টো চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার ভয় ধরিয়ে দিয়েছে। শুধু সভাপতি নয়, অন্য কেউ পদত্যাগ করলে আদর্শ গঠনতন্ত্রের আর্টিকেল ১৪ প্রয়োগ (নিষেধাজ্ঞা) করবে বলে চিঠিতে উল্লেখ করেছে ফিফা। তাই এখন পদত্যাগেরও সুযোগ নেই সুলতানের আবার কাজও করতে পারবেন না ফেডারেশনে, মানে পুতুল সভাপতি। কারণ এ মাসের শুরুর দিকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাগযুদ্ধ করে, উপদেষ্টার বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানকে চিঠি লিখে এবং মিডিয়া নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করে ভীষণ বিতর্কিত হয়ে পড়েছেন এস এ সুলতান। তাই ফিফা তার পদত্যাগ পত্র গ্রহণ না করলেও এই বিতর্কিত সভাপতিকে কেউ চাইছেন না। সেজন্যই বাফুফে রোববার জরুরি সভা ডেকে একটা বিকল্প পথ বের করেছে। সেটা হচ্ছে পদত্যাগ নয়, সুলতানকে অকার্যকর করে দেওয়া। এই সভায় সভাপতি উপস্থিত ছিলেন না। এছাড়া সভায় আগামী ১৫ জানুয়ারির মধ্যে জেলাগুলোতে ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) এবং ২৫ জানুয়ারির মধ্যে বিভাগগুলোতে ডিএফএ (বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী বাফুফে চিঠি পাঠিয়ে দেবে জেলাগুলোতে। এই সময়ের মধ্যে যেসব জেলা ডিএফএ গঠন করতে পারবে না তাদের কাউন্সিলরশিপ থাকবে না বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.