২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট লীগ ক্রিকেটে রেজিষ্ট্রেশন শুরু

পুরোনো দলগুলোর তুমুল আগ্রহ আর নতুন দলগুলোর আগ্রহহীনতার মধ্য দিয়েই এবারের কর্পোরেট ক্রিকেট লীগে অংশ নেয়া ১২টি দল তাদের ক্রিকেটারদের রেজিষ্ট্রেশন শুরু করছে। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনদিনের জন্য এই রেজিষ্ট্রেশন শুরু হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এবারের কর্পোরেট লীগের সমন্বয়ক আলী হোসেন বিডিনিউজকে জানান,  এবারের লীগে যে ছয়টি নতুন হাউজ অংশ নিতে যাচ্ছে তারা শক্তিশালী দল গঠনে তেমন আগ্রহী না হলেও মাঝারী মানের দল নিয়ে মাঠে নামবে। স্বল্প বাজেটের এই হাউজগুলো মূলত তরুন ক্রিকেটারদের নিয়ে দল গঠনের চিন্তা করছে। এ বিষয়ে নতুন কর্পোরেট হাউজগুলো টুর্নামেন্ট কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং আশা করা হচ্ছে প্রথমবারের জন্য তারা মোটামুটি কম্পিটিটিভ দল গঠন করতে সমর্থ হবে।

 আলী হোসেন আরো জানান, এবারের নতুন দল চ্যানেল এফ-টু গতবারের গাজী ট্যাংকের দলকে নিয়েই মাঠে নামার চেষ্টা করছে। অন্যদিকে  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও প্রথমবারেই ভালো ক্রিকেটারদের নিয়ে একটি কম্পিটিটিভ দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে বারোটি দলের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বেক্সিমকো এবং রানার্স-আপ এপিলিয়নের উপরই সকলের নজর থাকছে।  অপর দুটি বড় দল একমি ল্যাবরেটরিজ এবং বাংলাদেশ বিমানের ক্রিকেটারদের উপরও নজর রাখছে অপরাপর দলগুলো।

বেক্সিমকো তাদের শিরোপা ধরে রাখতে এবার দলে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, রাজিন সালেহ এবং  সদ্য সুযোগ পাওয়া মেহরাব হোসেন জুনিয়রকে দলে ভেড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বেক্সিমকো এই চার ক্রিকেটারকে তাদের দলে পাচ্ছে কিনা তা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্সের উপরই নির্ভর করছে। বাংলাদেশ অপরাপর তিনটি ক্রিকেট খেলুড়ে দেশ শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় অন্তত দ্বিতীয় স্থান অর্জন করতে না পারলে এই চার ক্রিকেটার এবারের কর্পোারেট লীগে খেলতে পারবেন।

এছাড়াও বেক্সিমকো দলে ক্রিকেটার অলোক কাপালি , নাফিস ইকবাল, আল শাহরিয়ার, নাজমুল হোসেন, মোহাম্মদ শরীফ, তামিম ইকবাল, নাদিফ চৌধুরী এবং মোহাম্মদ শাহীনসহ আরো অনেক পরিচিত ক্রিকেটাররা  খেলবেন বলে জানা গেছে।

এপিলিয়নও এবার  শিরোপা জয়ের প্রত্যাশায় শক্তিশালী একটি দল গঠন করছে।  জাতীয় দলে নিয়মিত ও অনিয়মিত ক্রিকেটারদের নিয়ে তারা দলগঠনে অনেকটাই এগিয়ে গেছে। এপিলিয়নে এবার তুষার ইমরান.জাতীয় দলের সহ-অধিনায়ক শাহরিয়ার নাফিস, নাজমুস সাদাত, তাপস বৈশ্য, শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন,  মুশিফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, নাজিম উদ্দিন এবং  শামসুর রহমানসহ আরো কয়েকজন উদিয়মান তরুন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

দল গঠনে এবার একমি ল্যাবরেটরিজও কিন্তু পিছিয়ে নেই। জাতীয় দলের ক্রিকেটারদের কোটায় একমি ল্যাব ইতিমধ্যেই হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ এবং মাশরাফি বিন মুর্তজার সাথে আলোচনা করেছে। কিন্তু তারা একমি’র হয়ে খেলতে রাজী হয়েছেন কিনা সেটা এখোনো নিশ্চিত করে জানা যায়নি।

তবে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া হান্নান সরকার, মানজারুল ইসলাম রানা, মঞ্জুরুল ইসলামসহ আলমগীর কবির, মার্শাল আইয়ুব, সাব্বির খান, এবং নাসিরুদ্দিন ফারুককে ইতিমধ্যে দলে নেবার প্রস্তুতি সম্পন্ন করেছে একমি ল্যাব। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পড়া ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লাও একমিতে খেলতে পারেন বলে জানা গেছে।

অপর দল বাংলাদেশ বিমান বরাবরের মতো এবারো সানোয়ার হোসেন, মুশফিকুর রহমান, সাজ্জাদ কাদির এবং সৈয়দ রাসেলের মতো ক্রিকেটারদের নিয়ে দল গঠন করছে।

এবারের কর্পোরেট লীগে অংশ নেয়া দলগুলো হলো:বেক্সিমকো গ্র“প, সাইফ্যাং ফ্যান, চ্যানেল এফ-টু এ্যাডভারর্টাইজিং,  স্টারটেল, একমি ল্যাবরেটরিজ, চট্টগগ্রাম বন্দর কর্তৃপক্ষ (গ্র“প ‘এ’); এপিলিয়ন গ্র“প, এশিয়া প্যাসিফিক ব্লোসম হোটেল, এমএম ইস্পাহানি লিমিটেড, রাজু ফিস কালচার লিমিটেড, বিমান এবং  পারটেক্স গ্র“প (গ্র“প ‘বি’)।