একদিনের ক্রিকেটে দু’জন নিরপেক্ষ আম্পায়ারের দাবি জানাবে পাকিস্তান
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী কমিটির সভায় যোগ দিতে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলি আসগর এমপি নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, সভায় পাকিস্তান এক দিনের সীমিত ওভারের খেলায় দু’জন নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের প্রাথমিক প্রস্তাবের পক্ষে সুদৃঢ় অবস্থান নিবে।
সোমবার নয়া দিল্লিতে পৌঁছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার এম. খান বলেন, “পিসিবি প্রায় ৪০ দিন আগে নিরপেক্ষ আম্পয়ারের ব্যাপারে আইসিসির কাছে যে প্রস্তাব দিয়েছিল আমরা তার সমর্থনে সর্বাত্মক চেষ্টা চালাবো। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বিতর্ক কমাতে টেস্ট ম্যাচের মত সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচেও উইকেটের উভয় প্রান্তেই দুই জন নিরপেক্ষ আম্পায়ার চাই আমরা।”
প্রস্তাবটি ইতোমধ্যেই আইসিসি সভার এজেন্ডায় উঠেছে।
ত্রিদেশীয় সিরিজের বেষ্ট অব ফাইনালের প্রথম দুই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে স্বল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর পাকিস্তান এই প্রস্তাব দেয়। ওই সিরিজে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে গেলে তারা তাৎক্ষণিকভাবে আইসিসির কাছে ওডিআই ম্যাচের দুই প্রান্তে দু’জন নিরপেক্ষ আম্পায়ারের দাবি জানিয়ে চিঠি পাঠায়।
পাকিস্তান আশা করছে টেস্ট-খেলুড়ে দেশগুলোও তাদের প্রস্তাব সমর্থন করবে।
পিসিবি সভাপতি বলেন, তিন দিনব্যপী সভায় অপর গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়টি হবে দুর্বল টেস্ট-খেলুড়ে দেশগুলোর জন্য কিছু পরিবর্তন আনা।
তিনি বলেন,“কয়েকটি শক্তিশালী দলের ক্রিকেট বোর্ড বাংলাদেশ বা জিম্বাবুয়ের মত দুর্বল দলের বিরুদ্ধে বেশি টেস্ট খেলার পক্ষপাতী নয়। তারা মনে করে দুর্বল দেশগুলোর সঙ্গে সিরিজে যথেষ্ট অর্থ অর্জিত হয় না। হোম আর এ্যাওয়ে ম্যাচে এই দেশগুলোর জন্য আলাদা একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
অন্যদিকে, ভারত ও পাকিস্তানের চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখার জন্য আইসিসি সভাপতি এহসান মানিসহ অন্যান্য কর্মকর্তারা কলকাতায় আসবেন বলে আশা করা হচ্ছে।
