দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জাতীয় দল ৩-২ গোলে হারিয়েছে আবাহনীকে
পাকিস্তানগামী জাতীয় ফুটবল দল বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে জয় পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে জাতীয় দল ৩--২ গোলে হারিয়েছে আবাহনীকে। আসন্ন সাফ ফুটবলকে সামনে রেখে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলছে।
জাতীয় দলের পক্ষে স্ট্রাইকার আলফাজ আহমেদ দু’টি এবং মোহাম্মদ সুজন একটি গোল করেন। অন্যদিকে আবাহনীর হয়ে দু’টি গোলই করেন স্ট্রাইকার বুলবুল।
সাফ ফুটবলে অংশ নিতে ৫ ডিসেম্বর পাকিস্তান যাওয়ার আগে জাতীয় দল তৃতীয় প্রস্ততি ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় দল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২--১ গোলে পরাজিত করে।
খেলা শেষে জাতীয় দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি বলেন, ম্যাচটি যেহেতু অনুশীলন ম্যাচ ছিল তাই আমি ফুটবলারদের ইনজুরি এড়ানোর জন্য হালকাভাবে খেলার পরামর্শ দিয়েছি, কিন্তু আবাহনী ম্যাচটিকে গুরুত্বসহকারেই নিয়েছিল এবং আমার দলের ফুটবলারদের ভুলের সুযোগে তারা প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায়।
তিনি বলন, পরে অবশ্য আমি আমার পরিকল্পনা পরিবর্তন করি এবং দলও ছন্দ খুঁজে পায়। আমি দলের এই জয়ে খুশি।
দু’দলের খেলায় আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপুও সন্তুষ্ট।
তিনি বলেন, জাতীয় দলের ফুটবলারদের বলের উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা, পাসিং এবং বিশেষ করে প্রান্ত বদল করে আক্রমনে যাওয়ার ব্যাপারে যেভাবে উন্নতি হয়েছে তা খুবই ভালো লক্ষণ। কিন্তু তারপরও জাতীয় দলের ডিফেন্সলাইনে ত্র“টি খুঁজে পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার আর এখানটাতেই তার আশংকা।
এ ব্যাপারে তার বক্তব্য হলো- ডিফেন্ডাররা যদি একই লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে দ্রুতগামি খেলোয়াড়দের জন্য তা ভাঙ্গা সহজ, হাসান আল মামুন এবং ফিরোজ মাহমুদ যখনই আক্রমনে গেছে তখনই ডিফেন্স লাইনে দু’টি ফাঁক তৈরী হয়েছে।
পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রন জাতীয় দলের ফুটবলারদের পায়ে থাকলেও খেলার ধারার বিপরীতে তারা প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে এবং আবাহনীর স্ট্রাইকার বুলবুল প্রাপ্ত তিনটি সুযোগের মধ্যে দু’টিই কাজে লাগাতে সক্ষম হন।
ইগির মোহাম্মদের পাস থেকে বল পেয়ে বুলবুল প্রথম যে গোলটি করেন সেটাতে জাতীয় দলের গোলরক্ষ আমিনুলকে তিনি কোন সুযোগই দেননি।
খেলার দশ মিনিটে এগিয়ে আসা গোলরক্ষক আমিনুলকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করে আবাহনীকে এগিয়ে দেন বুলবুল। ২২ মিনিটে আবাহনীর গোলরক্ষক বিপ্লবের একটি দুর্বল শট থেকে বল পেয়ে মাটি কামড়ানো শটে দলকে দ্বিতীয় গোল এনে দেন বুলবুল।
৬৫ মিনিটে ডান প্রান্তের কর্নার থেকে আরমানের বাড়িয়ে দেয়া বলে মাথা ছুঁয়ে জাতীয় দলের পক্ষে গোলের সূচনা করেন আলফাজ। তিন মিনিট পর ডান প্রান্ত দিয়ে হাসান আল মামুনের বাড়িয়ে দেয়া আরেকটি হেডের মাধ্যমে দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরান আলফাজ।
৭৫ মিনিটে ডান কর্নার থেকে আরমানের শট নেয়া বলে হেড করে তৃতীয় এবং জয়সূচক গোলটি করেন সুজন।
