দল-বদলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খরচের রেকর্ড
চলতি বছরের গ্রীষ্মকালীন দল-বদলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলো ৫৫০ কোটি ইউরো খরচ করে ব্যয়ের নতুন রেকর্ড গড়েছে।
ফিন্যানসিয়াল অ্যানালিস্ট 'ডেলোয়েট' মঙ্গলবার এ বিষয়ে তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। ২০১৮ সালে গড়া আগের রেকর্ডের চেয়ে এবার ৯০ কোটি ইউরো বেশি খরচ করা হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খরচ করেছে ১৫৫ কোটি ইউরো। লা লিগার ক্লাবগুলোর খরচ ১৩৭ কোটি ইউরো। এবার প্রথমবারের মতো স্প্যানিশ ক্লাবগুলোর মোট খরচ ১০০ কোটি ইউরো ছাড়িয়েছে।
জুলাইয়ে বেনফিকা থেকে ১২ কোটি ৬০ লাখ ইউরো দিয়ে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে চুক্তিভুক্ত করে আতলেতিকো মাদ্রিদ। সোমবারে শেষ হওয়া এবারের দল-বদলে এটাই সবচেয়ে বড় অঙ্কের ট্রান্সফার ফি। এছাড়া আতলেতিকো মাদ্রিদ থেকে ১২ কোটি ইউরো দিয়ে ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে দলে টানে বার্সেলোনা। আর সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেলসি থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড এদেন আজারকে দলে নিতে রিয়াল মাদ্রিদের গুনতে হয়েছে ১০ কোটি ইউরো।
খরচের নতুন রেকর্ড হয়েছে ইতালির সেরি আ (১১৭ কোটি ইউরো), জার্মানির বুন্ডেসলিগা (৭৪ কোটি ইউরো) ও ফ্রান্সের লিগ ওয়ানেও (৬৭ কোটি ইউরো)।
