২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্পেশাল’ আর্জেন্টিনার কাছে হারায় লজ্জা নেই যুক্তরাষ্ট্রের

৪-০ গোলে হেরে কোপা আমেরিকার সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের লজ্জা পাওয়ার কিছু নেই বলে মনে করেন দেশটির কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। হারটি যে ছিল ‘স্পেশাল’ আর্জেন্টিনা দলের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামের প্রায় ৭১ হাজার দর্শকের বেশিরভাগকে হতাশ করে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটিকে ফাইনালে তুলতে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন লিওনেল মেসি। গনসালো হিগুয়াইন করেন জোড়া গোল। আর আর্জেন্টিনার প্রথম গোলটি করেন এসেকিয়েল লাভেস্সি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ক্লিন্সমান বলেন, “আজ রাতে আমরা দেখেছি কেন তারা বিশ্বের এক নম্বর দল। তাদের অনেক প্রশংসা করতে হবে আপনাকে। মেসি, হিগুয়াইন, (হাভিয়ের) মাসচেরানোকে। এরা শীর্ষ মানের।”

“আমি ছেলেদের বলেছি, এই ম্যাচের পর লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা সামনে এগিয়ে যাই, আমরা শিখি।”

এবারের কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেক উপকার করেছে বলেও মনে করেন ক্লিন্সমান।

“কোপা আমেরিকার এই আসরের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ আমরা এটির অংশ হতে পেরেছি এবং আমরা এটার শেষ চারে খেলেছি।”

“সব সময়ই এক ধাপ পেছনে এবং দুই ধাপ এগিয়ে যাওয়ার বিষয় আছে। এটা আমাদের প্রক্রিয়ার অংশ। আমি ছেলেদের মাথা উঁচু রাখতে আর এটা (হার) গিলে ফেলতে বলেছি। আর্জেন্টিনা বিশেষ একটি দল।”