২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে কোনো ‍সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পর কোয়ার্টার-ফাইনালে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে স্বপ্নের পথে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আরেকধাপ এগুতে এবারের বাধা যুক্তরাষ্ট্র। শিষ্যদের ধারাবাহিক ও দারুণ পারফরম্যান্সে প্রতিপক্ষকে নিয়ে অবশ্য ভাবছেন না কোচ জেরার্দো মার্তিনো; ফাইনালে ওঠার  লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দিতে চান না বলে একরকম হুমকিই দিয়ে রাখলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ আটের লড়াইয়ে আক্রমণভাগের নৈপুণ্যে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে জোড়া গোল করেন গনসালো হিগুয়াইন। দ্বিতীয়ার্ধে মেসি আর এরিক লামেলার গোলে বড় জয় নিশ্চিত হয় কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নদের।

দাপুটে জয়ে সেরা চারে ওঠার পর ম্যাচ শেষে মার্তিনো বলেন, “এখন আমাদের যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং (সেমি-ফাইনালে) তাদেরকে কোনো সুযোগ না দেওয়ার চেষ্টা করব আমরা।”

হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা।

৬০তম মিনিটের লক্ষ্যভেদে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫৪ গোল করা গাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেন মেসি।  মার্তিনো জানান, এ গোলের পর আরও স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে তার দল।

“তৃতীয় গোলের পর বল নিয়ে দলের সবাই আরও ভালো মুভ করে এবং সাচ্ছন্দ্যবোধ করে। দ্বিতীয়ার্ধ ছিল খুবই ভালো।”