মেক্সিকোকে গুঁড়িয়ে শেষ চারে চিলি
দুই মহাদেশের সেরা দুই দলের লড়াইটা হলো বড়ই একতরফা। উত্তর আমেরিকার সেরা দল মেক্সিকোকে ৭-০ গোলে গুঁড়িয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।
এই প্রথম লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই হচ্ছে মহাদেশের বাইরে যুক্তরাষ্ট্রে, যেখান অনেকটা ‘হোম’ ভেন্যুর সুবিধা পেয়েছিল মেক্সিকো। কিন্তু গ্যালারি ভরা সমর্থকদের তারা উপহার দিল শুধুই হতাশা। চিলির তিন ফরোয়ার্ডকে রুখতেই পারেনি কনকাকাফ গোল্ড কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
এদুয়ার্দো ভারগাস একাই করেন চার গোল। শুরু ও শেষের গোল এদসন পুচের। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের অন্য গোলটি আরেক ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের।
স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় রোববার সকালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চিলির হাতে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ষোড়শ মিনিটে সানচেসের জোরালো শট ঠেকিয়েছিলেন গোলরক্ষক গিলের্মো ওচোয়া। কিন্তু তা সোজা গিয়ে পড়ে পুচের পায়ে। চিলির হয়ে প্রথম গোলটি করতে ভুল করেননি তিনি।
বিরতির এক মিনিট আগে প্রথম গোলটি পান ভারগাস। ডি-বক্সের বাঁ দিক থেকে সানচেসের নিচু ক্রস থামিয়ে ডান পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন হফেনহাইমে খেলা এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেক্সিকোর ম্যাচে ফেরার আশা শেষ করে দেন সানচেস। আর্তুরো ভিদালের সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে জালে পাঠিয়ে দেন আর্সেনালের এই ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে আবার গোল ভারগাসের। মার্ক গনসালেসের ক্রসে শুয়ে পড়ে নেওয়া পুচের শট ঠেকিয়ে দিয়েছিলেন দুই ডিফেন্ডার। কিন্তু সুযোগটা নষ্ট হতে দেননি ভারগাস। দূরহ কোণ থেকে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।
মেক্সিকোর লজ্জার আরও বাকি ছিল। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ভিদালের বাড়ানো বল ডি-বক্সের ভেতরে পেয়ে ওচোয়ার মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে দেন পুচ।
যোগ করা সময়ে ম্যাচ গড়াতেই রেফারির খেলা শেষের বাঁশি কিছুটা স্বস্তি হয়েই এসেছে মেক্সিকোর জন্য!
শিকাগোতে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমি-ফাইনালে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।
