২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসের তুঙ্গে, তবুও সতর্ক আর্জেন্টিনা

গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সে আত্মবিশ্বাসের চূড়ায় জেরার্দো মার্তিনোর দল। ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আরেক ধাপ এগুতে শেষ আটের প্রতিপক্ষ ভেনেজুয়েলাও বড় কোনো নাম নয়। কিন্তু গত দুই বছরে তীরে এসে তরী ডোবার তেতো অভিজ্ঞতার কারণে এবার ভীষণ সতর্ক লিওনেল মেসিরা। প্রতিপক্ষকে দুর্বল ভেবে পস্তাতে রাড়ি নয় কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

পুরনো খবর:

প্রতিপক্ষকে মেসির হুমকি
ভেনেজুয়েলাকে সমীহ মেসির
‘বদলে যাওয়া’ ভেনেজুয়েলাকে নিয়ে সতর্ক মাসচেরানো

ফক্সবরোতে তৃতীয় কোয়ার্টার-ফাইনালটি বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় শুরু হবে।

একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে সব ম্যাচ জেতা আর্জেন্টিনা সব বিভাগেই আছে দারুণ ছন্দে। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠানোর বিপরীতে মাত্র একটি গোল হজম করা নিশ্চিতভাবেই দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ দেয়।

কোনো দলের এমন অদম্য রূপ যেকোনো প্রতিপক্ষের জন্যই শঙ্কার কারণ। মেসির কথায় তা বাড়তে পারে আরও।

“আমরা যত সামনে এগুবো, তত বেড়ে উঠবো। সব ক্ষেত্রেই আমরা ভালো করছি।”

চিলিকে হারিয়ে শিরোপা অভিযান শুরু করার ম্যাচে ছিলেন না মেসি। চোট কাটিয়ে গ্রুপের শেষ দুই ম্যাচে বদলি হিসেবে খেলেন বার্সেলোনা তারকা। তবে দলের সেরা খেলোয়াড় ভেনেজুয়েলার বিপক্ষে পুরো সময় খেলতে পারেন বলে আভাস দিয়েছেন কোচ, যা দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিরাট পাওয়া।

ভেনেজুয়েলার জন্য সেটা আবার বড় এক চিন্তার কারণ। কারণ মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের তেমন কিছুই করার থাকে না। গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার বিধ্বস্ত হওয়াতেই এর প্রমাণ মেলে; সে দিন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে ১৯ মিনিটে হ্যাটট্রিক করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

যুক্তরাষ্ট্রে চলা কোপা আমেরিকার বিশেষ আসরটির আগ পর্যন্ত ভেনেজুয়েলার পারফরম্যান্স ছিল খুব খারাপ। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ছয় ম্যাচের পাঁচটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা। তবে এরপর দায়িত্ব নেওয়া কোচ রাফায়েল দুদামেলের অধীনে বদলে যেতে শুরু করে দলটি। এ সময়ে ছয় ম্যাচ খেলে একমাত্র কোস্টা রিকার কাছে প্রীতি ম্যাচে কেবল হারে তারা।

দুদামেলের অধীনে ভেনেজুয়েলার উন্নতিটা চোখে পড়ার মতো। কোপা আমেরিকার শতবর্ষী আসরে সেরা আট নিশ্চিত করার পথে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাইকাকে হারায় দলটি। শক্তিশালী মেক্সিকোর সঙ্গে ১-১ ড্র করে তারা।

বদলে যাওয়া ভেনেজুয়েলাকে নিয়ে তাই সতর্ক হাভিয়ের মাসচেরানো মাসচেরানো।

“দুদামেল খেলোয়াড়দেরকে আত্মবিশ্বাস দিয়েছেন এবং তাদের ফলে সেটা প্রতিফলিত হচ্ছে। যে কোনো দল, যাদের এরকম ইতিবাচক গতিশীলতা আছে, তারা সমস্যা তৈরি করতে পারে।”

পাল্টে যাওয়া দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক মেসিও।

“কোনো ভুলের সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সচেতন। খুব কঠিন ম্যাচ আসছে। কেউ কেউ ভাবছে, ভেনেজুয়েলা সহজ প্রতিপক্ষ কিন্তু তারা তা নয়। আমরা কোনো কিছু ধরে নিচ্ছি না; আমরা জানি ঝুঁকিটা কি।”

২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের শেষ সময়ে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। আর গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভাঙে মেসি-আগুয়েরো-হিগুয়াইনদের। পরপর দুই বছর স্বপ্ন পূরণের এত কাছ থেকে খালি হাতে ফিরতে হওযায় এবার তাই সতর্কতার শেষ নেই।