২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বদলে যাওয়া’ ভেনেজুয়েলাকে নিয়ে সতর্ক মাসচেরানো

কোচ রাফায়েল দুদামেলের হাত ধরে অল্প ক’মাসে অনেকটা বদলে গেছে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ে খুঁড়িয়ে চলা দলটি কোপা আমেরিকার শতবর্ষী আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দাপটের সঙ্গে। সেরা চারে ওঠার প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে নিয়ে তাই সতর্ক আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 01:23 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

পুরনো খবর:

আত্মবিশ্বাসের তুঙ্গে, তবুও সতর্ক আর্জেন্টিনা
প্রতিপক্ষকে মেসির হুমকি
ভেনেজুয়েলাকে সমীহ মেসির

ফক্সবরোতে বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এ ম্যাচ সামনে রেখে দুদামেলের অধীনে প্রতিপক্ষ দলের উন্নতি নিয়ে কথা বলেন মাসচেরানো।

“কেবল ফুটবলীয় চেতনায় নয়, দলটির ভেতরের পরিবেশেও আমরা অনেক পরিবর্তন দেখেছি। দুদামেল খেলোয়াড়দেরকে আত্মবিশ্বাস দিয়েছেন এবং তাদের ফলে সেটা প্রতিফলিত হচ্ছে। যে কোনো দল, যাদের এরকম ইতিবাচক গতিশীলতা আছে, তারা সমস্যা তৈরি করতে পারে।”

চিলিকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। আর বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ সেরা হয়ে সেরা আটে ওঠে লিওনেল মেসির দল।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ছয় ম্যাচের পাঁচটিতে হারা ভেনেজুয়েলার দায়িত্ব দুদামেল নেন গত এপ্রিলে। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে খেলা ছয় ম্যাচে একমাত্র কোস্টা রিকার কাছে প্রীতি ম্যাচে হারে তারা।

দুদামেলের অধীনে ভেনেজুয়েলার উন্নতিটাও চোখে পড়ার মতো। কোপা আমেরিকার শতবর্ষী আসরে সেরা আট নিশ্চিত করার পথে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাইকাকে হারায় দলটি। শক্তিশালী মেক্সিকোর সঙ্গে ১-১ ড্র করে তারা।

বদলে যাওয়া ভেনেজুয়েলাকে নিয়ে সতর্ক থাকলেও লক্ষ্যে অবিচল মাসচেরানো। ২৩ বছর ধরে চলা সাফল্য খরা কাটাতে প্রত্যয়ী বার্সেলোনার এই ডিফেন্ডার জানালেন, বাড়তি চাপ নিতে চান না তারা।

“খরা কাটানোর ভাবনাটা আমাদের আছে এবং আমরা এটা অর্জন করতে চাই; কিন্তু এ জন্য আমরা কোনো বাড়তি চাপ নিচ্ছি না। যদি আপনি বাড়তি চিন্তায় আবিষ্ট হয়ে যান, তাহলে অবশ্যই তা বাজে দিকে যেতে থাকবে।”