ভেনেজুয়েলাকে সমীহ মেসির
কোপা আমেরিকার সেরা চারে ওঠার লড়াইয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না লিওনেল মেসি। যোগ্য দল হিসেবে রাফায়েল দুদামেলের দলটি কোয়ার্টার-ফাইনালের মঞ্চে উঠেছে বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক।
ফক্সবরোতে বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। অজেয় থেকে সেরা আটে ওঠা ভেনেজুয়েলাকে সমীহ করার কথা জানান মেসি।
“কোনো ভুলের সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সচেতন। খুব কঠিন ম্যাচ আসছে। কেউ কেউ ভাবছে, ভেনেজুয়েলা সহজ প্রতিপক্ষ কিন্তু তারা তা নয়। আমরা কোনো কিছু ধরে নিচ্ছি না; আমরা জানি ঝুকিটা কি।”
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী দল। অন্যদিকে অজেয় থেকে গ্রুপ পর্ব পেরিয়েছে ভেনেজুয়েলা। যোগ্যতা দিয়েই দলটি এ পর্যায়ে এসেছে বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক।
চিলিকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। আর বলিভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘ডি’ গ্রুপ সেরা হয়ে সেরা আটে ওঠা মেসিরা ২৩ বছরের সাফল্য খরা কাটানোর জন্য মুখিয়ে আছেন।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে ছয় ম্যাচের পাঁচটিতে হারা ভেনেজুয়েলা দুদামেলের হাত ধরে দারুণ চমক উপহার দিচ্ছে। এই কোচের অধীনে খেলা ছয় ম্যাচে একমাত্র কোস্টা রিকার কাছে প্রীতি ম্যাচে হারে তারা।
কোপা আমেরিকায় গ্রুপ পর্ব দাপটের সঙ্গে পেরিয়েছে ভেনেজুয়েলা। সেরা আট নিশ্চিত করার পথে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাইকাকে হারায় দলটি; মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করে।
