‘শক্তিশালী ব্যক্তিত্বের প্রয়োজন নেই মেসির’
লিওনেল মেসির ব্যক্তিত্বের অভাব আছে বলে ক’দিন আগে সমালোচনা করেছিলেন আর্জেন্টিনা কিংবদন্তি মারাদোনা। তবে সাবেক সতীর্থ হুয়ান সেবাস্তিয়ান ভেরন মনে করেন, আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে হলে মেসিকে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হওয়ার প্রয়োজন নেই।
বার্সেলোনার হয়ে সব শিরোপা একাধিকবার জেতা মেসি ক্লাবের মতো জাতীয় দলে জ্বলে উঠতে পারেন না বলেও বারবার সমালোচিত হয়েছেন।
মেসির নেতৃত্বে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায় আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে দলটির।
“শক্ত ব্যক্তিত্ব থাকার কোনো দরকার নেই। সে তার মতো এটা করে।”
দেশের ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে চলা কোপা আমেরিকার শতবর্ষী আসরে লড়ছে আর্জেন্টিনা।
চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা মেসি পরের দুই ম্যাচে বদলি হিসেবে নামেন। এরই মধ্যে পানামাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিক করেন মেসি।
একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে শেষ আটে ওঠা আর্জেন্টিনা ফক্সবরোতে বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে।
